Home আঞ্চলিক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় সাংবাদিক গণজমায়েত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় সাংবাদিক গণজমায়েত

11

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সাংবাদিক গণজমায়েত থেকে মৌলবাদ প্রতিহতের শপথ নেওয়া হয়। সোমবার বিকেলে শহরের পাঁচরাস্তার মোড়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, কুষ্টিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে; লালন, রবীন্দ্রনাথের স্মৃতি ধারণ করে; সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথের স্মৃতি ধারণ করে। ঠিক সেই জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হানা হয়েছে। এটা স্বাধীনতার ওপর আঘাত। তাই সাংবাদিক সমাজ নিশ্চুপ থাকতে পারে না।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সোমবার বিকেলে সাংবাদিক গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান এসব কথা বলেন। শহরের পাঁচরাস্তার মোড়ে নির্মাণাধীন ভাস্কর্যের সামনে এই সমাবেশের আয়োজন করে বিএফইউজে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, গোপালগঞ্জ, যশোর, খুলনাসহ বিভিন্ন জেলার সাংবাদিকেরা অংশ নেন।

সমাবেশে উপস্থিত সাংবাদিকেরা হাত তুলে শপথ নিয়ে বলেন, ‘যত দিন পর্যন্ত এই মৌলবাদী স্বাধীনতাবিরোধীরা থাকবে, তত দিন তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব এবং রাজপথে আন্দোলন করে যাব।’ বিএফইউজের একাংশের মহাসচিব শাবান মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ সরওয়ার জাহান, কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,  প্রমুখ।