- খুলনাঞ্চল রিপোর্ট
ইতালিতে চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ইতালির স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে মিলান মালপেঁসা বিমানবন্দর ত্যাগ করেছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা। ইতালির রাজধানী রোম থেকে বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী মিলান এসে পৌঁছান। দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে ৪ ফেব্রুয়ারি রোম যান।
সফরকালে ৫ ফেব্রুয়ারি জুসেপ্পে কন্তের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে সাংস্কৃতিক বিনিময়, রাজনৈতিক বিষয় এবং কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত তিনটি চুক্তি সই হয়। ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেখ হাসিনা তার সম্মানে আয়োজিত সংবর্ধনায় যোগ দেন। ৫ ফেব্রুয়ারি সকালে রোমে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একইদিন তিনি ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে মধ্যাহ্নভোজে যোগ দেন। পরে ইতালির ব্যবসায়িক সংস্থাগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। খবর বাসস।









































