মিলি রহমান।।
রুই মাছ বাঙালির রান্নাঘরের চেনা ও প্রিয় একটি মাছ। সরিষার ঝাঁজের সঙ্গে লেবুপাতার মিষ্টি-সুগন্ধি ঘ্রাণ যোগ হলে এই চেনা মাছের স্বাদেও আসে দারুণ বৈচিত্র্য। খুব বেশি মসলা কিংবা ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণে তৈরি করা যায় লেবুপাতা ও সরিষা দিয়ে রুই মাছ। গরম ভাতের সঙ্গে দুপুরের কিংবা রাতের খাবারে এই পদটি হতে পারে একেবারেই অন্যরকম একটি আয়োজন।
উপকরণ
রুই মাছের টুকরা- ৬-৮টি
সরিষা বাটা – ২ টেবিল চামচ
কাঁচা মরিচ – ৪-৫টি
লেবুপাতা – ৫-৬টি, কুচি বা ছিঁড়ে নেওয়া
হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
লবণ – স্বাদমতো
মরিচ গুঁড়া – ১/২ চা চামচ
পেঁয়াজ কুচি – ১টি মাঝারি
রসুন বাটা – ১/২ চা চামচ
সরিষার তেল – ৪-৫ টেবিল চামচ
পানি – প্রয়োজনমতো
প্রস্তুত প্রনালি
রুই মাছ ধুয়ে পানি ঝরিয়ে লবণ ও সামান্য হলুদ মেখে ১০ মিনিট রেখে দিন। এরপর কড়াইয়ে সরিষার তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে প্রয়োজনমতো আরও সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন বাটা, মরিচ গুঁড়া ও সামান্য হলুদ দিয়ে কষিয়ে নিন। এবার সরিষা বাটা ও অল্প পানি দিয়ে মাঝারি আঁচে ৩–৪ মিনিট রান্না করুন। সরিষার কাঁচা গন্ধ চলে গেলে ভাজা মাছগুলো মসলার মধ্যে দিয়ে দিন।
এরপর লেবুপাতা ও চেরা কাঁচা মরিচ দিয়ে প্রয়োজনমতো পানি যোগ করে ঢেকে ৭-১০ মিনিট রান্না করুন। ঝোল কিছুটা ঘন হয়ে তেল ওপরে উঠে এলে ১ চা চামচ কাঁচা সরিষার তেল ছড়িয়ে চুলা বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। চাইলে শেষে আরও ১-২টি কাঁচা লেবুপাতা ছিঁড়ে দিয়ে ২ মিনিট ঢেকে রাখতে পারেন, এতে ঘ্রাণ আরও ভালো হবে। সরিষা বাটার সময় ১-২টি কাঁচা মরিচ একসঙ্গে দিলে স্বাদ ও ঘ্রাণ বাড়ে। তবে সরিষা বেশি সময় কষাবেন না, এতে তিতা স্বাদ হতে পারে।











































