Home খেলাধুলা বয়সের অসঙ্গতিতে ভারত যুব দল থেকে বাদ রোহিত

বয়সের অসঙ্গতিতে ভারত যুব দল থেকে বাদ রোহিত

0


স্পোর্টস ডেস্ক

বয়সসংক্রান্ত অসঙ্গতির কারণে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আসন্ন ঘরোয়া সিরিজের ভারত অনূর্ধ্ব-১৯ দলের দুটি দল থেকেই লেগ স্পিনার রোহিত যাদবকে সরিয়ে নেওয়া হয়েছে। তার বদলে আরিয়ান সাভসানি ও তন্ময় বালোদাকে দলে নেওয়া হয়েছে।

সম্প্রতি শ্রীলংকা সফরে দারুণ পারফরম্যান্স করেছিলেন রোহিত। দুই ম্যাচের চার দিনের সিরিজে তিনি ছয়টি উইকেট নিয়েছিলেন।

সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার সাভসানি এক দিনের দলের রোহিতের জায়গা নেবেন। আর হরিয়ানা ক্রিকেট সংস্থার বালোদা খেলবেন দীর্ঘ সংস্করণের দলে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানেড ম্যাচ হবে রাজকোটে ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর। এরপর দুটি চার দিনের ম্যাচের প্রথমটি রাজকোটে ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি আহমেদাবাদে ৫ থেকে ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে লক্ষ্য রাইচন্দানিকে। সহঅধিনায়ক যশবর্ধন চৌহান। দীর্ঘ সংস্করণের ম্যাচে দুজন নিজেদের দায়িত্ব অদলবদল করবেন।

শ্রীলংকা সফরে দুর্দান্ত পারফরম্যান্সের পর সিরিজে নামছেন রাইচন্দানি। দুই ম্যাচের চার দিনের সিরিজে ১৫৩.৫০ গড় নিয়ে ৩০৭ রান করে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। গলেতে ২০৭ রান করার পর কলম্বোতে অপরাজিত ১০০ রান করেন উত্তরাখণ্ডের এই ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে এরই মধ্যে চারটি ম্যাচ খেলে ২২৩ রান করেছেন তিনি। রয়েছে তিনটি অর্ধশতক।

শ্রীলংকা সফরে বর্তমান দলের আরও কয়েকজন নজর কেড়েছিলেন। প্রথম চার দিনের ম্যাচে সাগর ভির্ক ১৩৪ রান করেন। দ্বিতীয় ম্যাচে মানাল চৌহান ও কুশাগ্র ওঝা করেন যথাক্রমে ১৫০ ও ১১১ রান।

এক দিনের দলেও রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বীরেন্দ্র শেবাগ ও রাহুল দ্রাবিড়ের ছেলে আর্যবীর শেবাগ ও অনভয় দ্রাবিড়। জুলাইয়ে শ্রীলঙ্কা সফর করা ভারত অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন দ্রাবিড়। দ্বিতীয় এক দিনের ম্যাচে তিনি ৮৭ রান করেছিলেন। দলে দুই উইকেটরক্ষকের একজন তিনি। অন্যজন রজত বাঘেল।