Home আলোচিত সংবাদ সরকারি অস্ত্র উদ্ধারে আসছে র‍্যাবের অভিযান, তথ্য দিলেই পুরস্কার

সরকারি অস্ত্র উদ্ধারে আসছে র‍্যাবের অভিযান, তথ্য দিলেই পুরস্কার

0


ঢাকা অফিস।।

খোয়া যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে দেশ জুড়ে সাঁড়াশি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অভিযানে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সঙ্গে হারানো সরকারি অস্ত্রের সন্ধান দিলে পুরস্কারের ঘোষণা দিয়েছে র‍্যাব।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি অস্ত্রের বিষয়ে সঠিক তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে, দেওয়া হবে পুরস্কারও। তথ্য দেওয়া যাবে র‍্যাবের এই হটলাইন নম্বরে— ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ ও ০২৫৫৬৬৯৯৯৯। এ ছাড়া ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমেও এসব নম্বরে যোগাযোগ করা যাবে।

র‍্যাব জানায়, তথ্যের ভিত্তিতে খোয়া যাওয়া সরকারি অস্ত্র উদ্ধার এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে হারানো ও লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র অপরাধীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে অবৈধ অস্ত্রের বিস্তার ঠেকাতে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযানে র‍্যাব প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেছেন, র‍্যাবের হটলাইন নম্বরগুলোয় সরাসরি কলের পাশাপাশি ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারে যোগাযোগের সুযোগ রাখা হয়েছে। অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছে র‍্যাব।