Home খেলাধুলা বন্দুক নিয়ে পর্তুগালে পুলিশের জিজ্ঞাসাবাদে একলেস্টোন

বন্দুক নিয়ে পর্তুগালে পুলিশের জিজ্ঞাসাবাদে একলেস্টোন

0


স্পোর্টস ডেস্ক

ফর্মুলা ওয়ানের সাবেক চিফ বার্নি একলেস্টোন পর্তুগালের একটি বিমানবন্দরে বন্দুকসহ গ্রেপ্তার হওয়ার খবর অস্বীকার করেছেন। মাটির তৈরি লক্ষ্যবস্তুতে গুলি চালানোর একটি প্রতিযোগিতায় অংশ নিতে তিনি একটি বন্দুক সঙ্গে করে পর্তুগালে গিয়েছিলেন।

৯৫ বছর বয়সী একলেস্টোন জানান, সোমবার সুইজারল্যান্ড থেকে আসার পর কাসকাইশের তিরেস বিমানঘাঁটিতে তাকে চারজন পুলিশ কর্মকর্তা ও শুল্ক কর্মকর্তারা থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

ব্রিটিশ এই ব্যবসায়ী জানান, সঠিক কাগজপত্র না থাকায় তাকে সঙ্গে আনা বন্দুকটি পুলিশের কাছে জমা দিতে হয়। তবে তিনি জোর দিয়ে বলেন, তাকে গ্রেপ্তার করা হয়নি।

২০১৭ সাল পর্যন্ত প্রায় ৪০ বছর ফর্মুলা ওয়ানের দায়িত্বে থাকা একলেস্টোন বলেন, পর্তুগালের পুলিশ সদস্যরা তার সঙ্গে খুবই সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন।

একলেস্টোন বলেন, ‘আমি পর্তুগালে মাটির তৈরি লক্ষ্যবস্তুতে গুলি চালানোর একটি প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছিলাম। আমি পুলিশের কাছে গিয়ে বললাম, আপনাদের জন্য আমি কী করতে পারি। তারা বলল, আপনি যে বন্দুকটি নিয়ে এসেছেন, সেটি সম্পর্কে আমরা কিছু তথ্য জানতে চাই।’

তিনি জানান, এর আগে তিনি বন্দুকটি ইংল্যান্ড থেকে সুইজারল্যান্ডে নিয়ে গিয়েছিলেন। বিমানবন্দরের কর্মকর্তারা তাকে খুব ভালোভাবে চেনেন বলে পর্তুগালেও কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেননি।

তবে পর্তুগালে পৌঁছানোর পর প্রায় এক ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দেশটিতে বন্দুকটি নিয়ে প্রবেশের জন্য প্রয়োজনীয় সরকারি কাগজপত্র না থাকায় কর্মকর্তারা সেটি জমা দিতে বলেন।

অস্ত্র নিয়ে বিমানবন্দরে সমস্যায় পড়ার ঘটনা একলেস্টোনের জন্য এবারই প্রথম নয়। ২০২২ সালে ব্রাজিলে সুইজারল্যান্ডগামী একটি ব্যক্তিগত উড়োজাহাজে ওঠার সময় অবৈধভাবে বন্দুক বহনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে স্থানীয় কর্তৃপক্ষকে ছয় হাজার ব্রাজিলীয় রিয়াল জরিমানা দিতে হয়, যা প্রায় এক হাজার পাউন্ডের সমান।