স্পোর্টস ডেস্ক।।
অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে আতিথ্য দিতে যাচ্ছে আফগানিস্তান। ব্যস্ত এই মৌসুমে তিন সংস্করণেই ম্যাচ খেলবে তারা। তবে সব ম্যাচই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এখনো ভেন্যুর নাম ঘোষণা করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে আফগানিস্তানের মৌসুম। এর ছয় দিন আগে জাপানে এশিয়ান গেমসের টি-টোয়েন্টি প্রতিযোগিতার ফাইনাল হবে। আফগানিস্তান ফাইনালে উঠলে সেই ম্যাচের পরই বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে তারা।
এরপর ১৭ থেকে ২৩ অক্টোবর হবে তিন দলের ওয়ানডে আন্তর্জাতিক সিরিজ। আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল ২৩ অক্টোবর মুখোমুখি হবে ফাইনালে।
এরপর ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এরপর দুই দল মুখোমুখি হবে দুই ম্যাচের টেস্ট সিরিজে। প্রথম টেস্ট ৫ থেকে ৯ নভেম্বর এবং দ্বিতীয় টেস্ট ১৩ থেকে ১৭ নভেম্বর।
এ বছর ইতিমধ্যে ভারতের বিপক্ষে নিউ চণ্ডীগড়ে একটি টেস্ট খেলেছে আফগানিস্তান। বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে আরও তিনটি টেস্ট খেললে চলতি বছরে তাদের মোট টেস্টের সংখ্যা দাঁড়াবে চারটিতে, যা এক পঞ্জিকাবর্ষে তাদের সর্বোচ্চ।
বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছে আফগানিস্তান। একটিতে জিতেছে তারা, অন্যটিতে হেরেছে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টেস্টে আফগানিস্তানের জয় দুটি, হার দুটি এবং ড্র একটি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘আফগানিস্তান জাতীয় দলের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ সময়সূচি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। বিভিন্ন সংস্করণে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা আমাদের খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার মূল্যবান সুযোগ দেবে এবং সমর্থকদের জন্যও আন্তর্জাতিক ক্রিকেটের দারুণ একটি সময় উপহার দেবে।
‘আমাদের জাতীয় দলকে নিয়মিত উচ্চমানের আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ করে দিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে আমাদের সম্পর্ককে আমরা অত্যন্ত মূল্য দিই। এই গুরুত্বপূর্ণ সিরিজগুলো আয়োজন সম্ভব করতে সহযোগিতা করার জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
সূচি
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট
৯–১৩ অক্টোবর
তিন দলের ওয়ানডে আন্তর্জাতিক সিরিজ
১৭ অক্টোবর — বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
১৯ অক্টোবর — আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে
২১ অক্টোবর — আফগানিস্তান বনাম বাংলাদেশ
২৩ অক্টোবর — ফাইনাল
আফগানিস্তান–জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ
২৭ অক্টোবর — প্রথম ম্যাচ
২৯ অক্টোবর — দ্বিতীয় ম্যাচ
১ নভেম্বর — তৃতীয় ম্যাচ
আফগানিস্তান–জিম্বাবুয়ে টেস্ট সিরিজ
৫–৯ নভেম্বর — প্রথম টেস্ট
১৩–১৭ নভেম্বর — দ্বিতীয় টেস্ট











































