Home খেলাধুলা পন্টিং-হেইডেন বাংলাদেশের খেলা উপভোগ করেছেন: আশরাফুল

পন্টিং-হেইডেন বাংলাদেশের খেলা উপভোগ করেছেন: আশরাফুল

3

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন প্রজন্মের ক্রিকেটারদের পারফরম্যান্সে মুগ্ধ সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। জিডি ট্রফির ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রশংসা করেছেন তরুণ ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশ দলের কোচিং স্টাফেরও।

একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্সে রিকি পন্টিং ও ম্যাথিউ হেইডেনদের মুগ্ধতার কথাও জানিয়েছেন তিনি। তরুণদের নিয়ে আয়োজিত জিডি ট্রফির প্রশংসা করে আশরাফুল বলেন, ‘এই টুর্নামেন্টটা হচ্ছে আন্ডার-১৭, আন্ডার-১৯ এবং আন্ডার-২৩ নিয়ে।

এই ধরনের টুর্নামেন্ট খুব কম হয়ে থাকে ওয়ার্ল্ড ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দেবো যে এমন সুন্দর আয়োজন করেছেন।’

তার মতে, এমন আয়োজন তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘আজকে যে খেলাটা হলো আন্ডার-১৭ আর আন্ডার-১৯-এর, যারা ভালো করেছেন, তাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অন্যরকম জায়গায় চলে যাবে। ’

জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের কাছ থেকে তরুণরা অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগও পাচ্ছেন বলে জানান আশরাফুল।

তিনি বলেন, ‘আমাদের যারা ন্যাশনাল টিমে আছি, বিশেষ করে আমি আমার দলের টিমে আসছি, তাদের সাথে শেয়ার করছি। আমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করছি। তাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা শুনবার চেষ্টা করছি।’

এদিকে অজিদের মাটিতে বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স উপভোগ করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং ও ম্যাথিউ হেইডেন- এমনটিও জানিয়েছেন আশরাফুল।

তিনি জানান, ‘বাংলাদেশের প্লেয়ারদের পারফরম্যান্স দেখে তারা খুবই উপভোগ করেছেন। দারুণ একটা সাড়ে তিন দিনের ম্যাচ। যেভাবে আমাদের প্লেয়াররা খেলেছে, এনজয় করছে। সুইপ করা বল, অ্যাটাকিং শট ফেলা সবকিছুই তারা এনজয় করেছেন।’

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স পছন্দ হয়েছে পন্টিং-হেইডেনদের। আশরাফুল বলেন, ‘বোলিং, ফিল্ডিং, ব্যাটিং তিনটা ডিপার্টমেন্টেই রিকি পন্টিং, হেইডেন সবাই পছন্দ করেছে।’

তরুণ ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশি কোচিং স্টাফ নিয়েও ইতিবাচক আশরাফুল। দীর্ঘ সময় পর বাংলাদেশি কোচিং স্টাফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা খুব এনজয় করছি এবং হেল্প করছে প্লেয়ারদের। যার যার ডিপার্টমেন্ট থেকে সেভাবে কাজ করার চেষ্টা করছি। আমি বলবো যে খুব ভালো একটা হেলদি কম্পিটিশন হচ্ছে আমাদের সব জায়গাতেই। ভালো লাগছে।’