খবর বিজ্ঞপ্তি।।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছে খুলনা মহানগর বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটি। রবিবার (১৮ অক্টোবর) নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ মন্দির ও মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মী ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা পূজার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজনের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পর্যবেক্ষক কমিটির নেতৃবৃন্দ আড়ংঘাটা সার্বজনীন কেন্দ্রীয় পূজামন্দির, কাপালীপাড়া সার্বজনীন পূজা মন্দির, তেলিগাতী নেপাল আশ্রম পূজা মন্দির, বানরগাতী বটতলা মন্দির এবং পৈপাড়া পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন আড়ংঘাটা মন্দির কমিটির সভাপতি সুকুমার মন্ডল, সাধারণ সম্পাদক অমল সরকার, কাপালীপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি শ্রী অমল কুমার সরদার, সাধারণ সম্পাদক শ্রী পিন্টু সরদার, তেলিগাতী নেপাল আশ্রম পূজা মন্দিরের সভাপতি শ্রী পবিত্র মন্ডল, সাধারণ সম্পাদক শ্রী সবুজ সরকার, জিএম এনামুল কবির, মো. গোলাম কিবরিয়া শেখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় পূজারি ও ভক্তরা। মন্ডপ পরিদর্শন শেষে খুলনা মহানগর বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির সদস্য সচিব ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। দলমত নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও উৎসব পালনের অধিকার রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী বা কুচক্রী মহল যদি বিন্দুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শান্তি ও সম্প্রীতির এই পরিবেশ রক্ষায় বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে রয়েছে। দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী খুলনাজুড়ে প্রতিটি মণ্ডপের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীদের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।











































