Home খেলাধুলা বাংলাদেশের বিপক্ষে টেস্টে উইন্ডিজ দলে এক পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে টেস্টে উইন্ডিজ দলে এক পরিবর্তন

0


স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে দলে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ও পারিবারিক কারণে সফর থেকে সরে দাঁড়িয়েছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন শামার স্প্রিঙ্গার। আজ এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

এর আগে আলজারি জোসেফের পরিবর্তে দলে যোগ দিয়েছিলেন কিমো পল। চাপ সামলাতে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে জোসেফকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এবার পলের বিদায়ে তার জায়গা পূরণ করবেন স্প্রিঙ্গার।

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে থাকছেন না শাই হোপও। তাকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। দলের নেতৃত্ব দেবেন রোস্টন চেজ, সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন জোমেল ওয়ারিকান।

স্প্রিঙ্গারকে দলে নেওয়ার আগে বিকল্প হিসেবে ওজে শিল্ডস ও নাইল স্মিথের কথা বিবেচনা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে চোটের কারণে নির্বাচনের সময় তাদের কাউকেই পাওয়া যায়নি। ফলে ২৮ বছর বয়সী স্প্রিঙ্গারকে বেছে নেয় নির্বাচকরা।

এখনো টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি এই অলরাউন্ডারের। তবে সীমিত ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি একদিনের আন্তর্জাতিক ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে স্প্রিঙ্গারের পরিসংখ্যানও আশাব্যঞ্জক। ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে ১ হাজার ৪৩ রান করার পাশাপাশি ২৭.৮৭ গড়ে নিয়েছেন ৫৮ উইকেট।

২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপেও ভালো পারফরম্যান্স করেছেন তিনি। চার ম্যাচে ৫০.২০ গড়ে করেছেন ২৫১ রান। বল হাতে আট ইনিংসে ৪২.০০ গড়ে নিয়েছেন সাত উইকেট। তার এই পারফরম্যান্সই জাতীয় দলের টেস্ট দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ভারত সফর শেষ করেই বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। গত ১৭ অক্টোবর বেঙ্গালুরুতে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি একটি বলও মাঠে না গড়িয়ে পরিত্যক্ত হয়। ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে টি-টোয়েন্টি সিরিজ শেষ হয় ২-২ সমতায়।

বাংলাদেশ সফরে এসে ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। এরপর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, সিলেটে। ম্যাচটি চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পরিবর্তিত টেস্ট দল

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারাইন চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।