Home খেলাধুলা অস্ট্রেলিয়ার সাবেকদের কণ্ঠে বাংলাদেশের প্রশংসা

অস্ট্রেলিয়ার সাবেকদের কণ্ঠে বাংলাদেশের প্রশংসা

0

স্পোর্টস ডেস্ক।।

ডারউইন টেস্টের প্রথম দিন বাংলাদেশের পেস আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে অস্ট্রেলিয়া। হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা ৬ উইকেটের সঙ্গে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের বোলিংয়ে ১৯৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের পেসারদের এমন পারফরম্যান্স মুগ্ধ করেছে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ডেভিড ওয়ার্নার, অ্যালিসা হিলি ও মার্ক ওয়াহকেও।

ক্যারিয়ারসেরা বোলিং করে মাঠ ছাড়ার সময় হাসান মাহমুদকে করতালিতে বিদায় জানায় ডারউইনের দর্শকরা। সেই করতালিতে যোগ দিয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারও। কায়ো স্পোর্টসে বাংলাদেশের এই পেসারের প্রশংসা করে ওয়ার্নার বলেন, ‘আমি সত্যিই মুগ্ধ হয়েছি। সে বারবার সঠিক জায়গায় বল ফেলেছে। একজন বোলারের কাছ থেকে এর চেয়ে বেশি আর কী চাইতে পারেন?’

অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার অ্যালিসা হিলি। তিনি জানান, বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে ম্যাচের আগে অস্ট্রেলিয়ারও দুশ্চিন্তা ছিল। নাহিদ রানা ও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ বোলার না থাকায় বাংলাদেশের বোলিং কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন ছিল।

কিন্তু মাঠে হাসান সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বলেই মনে করেন হিলি। তার ভাষায়, ‘একজন তরুণ খেলোয়াড়, যার ক্যারিয়ারও এখনো শুরুর দিকে, সে যেভাবে এসে বোলিং করেছে, সেটি অসাধারণ। সে সত্যিকারের অস্ট্রেলিয়ান চ্যানেলে বল করেছে, কারণ এটিই এখানে বল করার সবচেয়ে ভালো উপায়। অস্ট্রেলিয়ার ব্যাটারদের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে সে। আমার মনে হয়, এটি তার খুবই পরিণত একটি পারফরম্যান্স। তাই এমন পারফরম্যান্স তার প্রাপ্য।’

শুধু হাসান নন, বাংলাদেশের পুরো পেস আক্রমণের ধারাবাহিকতায় মুগ্ধ সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার মার্ক ওয়াহ। তার মতে, বাংলাদেশের বোলাররা অস্ট্রেলিয়াকে কোনো পর্যায়েই চাপমুক্ত হতে দেয়নি। ওয়াহ বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো, তারা চাপ ধরে রেখেছে। অনেক সময় দেখা যায়, কোনো দল কয়েকটি ভালো ওভার করে, এরপর খারাপ কয়েকটি ওভার করে এবং প্রতিপক্ষ ম্যাচে ফিরে আসে। কিন্তু তারা খুবই শৃঙ্খলিত ছিল।’

গরম আবহাওয়ার মধ্যেও মাত্র তিনজন মূল পেসারকে দিয়ে বোলিং করানো সহজ ছিল না বলেও মনে করেন ওয়াহ। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বোলিং ব্যবস্থাপনাও প্রশংসা করেছেন তিনি। ‘তারা সবাই নিজেদের ভূমিকা পালন করেছে। কাজটা সহজ ছিল না। খুব গরম আবহাওয়া ছিল। মাত্র তিনজন পেসারকে দিয়ে ওভার ভাগ করে নেওয়ার পাশাপাশি অধিনায়ক তাদের যথেষ্ট সতেজ রেখেছেন, যাতে যখনই তারা বোলিংয়ে আসে, তখনই বিপজ্জনক হতে পারে,’ বলেন ওয়াহ।

বাংলাদেশের বোলিংয়ে বিশেষ কোনো রহস্য ছিল না, বরং সঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল করেই অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে রাখা হয়েছে বলে মনে করেন সাবেক এই তারকা। ‘তারা ভালো লাইন ও লেংথে বল করেছে। তারা অসাধারণ কিছু করেনি, কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে সমস্যায় ফেলার জন্য যতটা দরকার, ঠিক ততটাই করেছে,’ বলেন ওয়াহ।

১৯৮ রানে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেওয়ার পর দিন শেষে ১ উইকেটে ৯৬ রান নিয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।