ঢাকা অফিস
দেশে হাম ও হামের উপসর্গে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিন শিশু মারা গেছে। তাদের মধ্যে দুজন হামের উপসর্গে ও একজন হামে মারা গেছে।
এ নিয়ে সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৮২৮ জনে পৌঁছেছে। সর্বশেষ মারা যাওয়া তিনজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগের একজন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৯৯ শিশু; হামে আক্রান্ত হয়েছে ১০৫ শিশু। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে এক লাখ ২৫ হাজার ৫৪৪ জন। তাদের মধ্যে পরে হাম শনাক্ত হয় ১৫ হাজার ৬৬০ শিশুর।
অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এক লাখ আট হাজার ৪৪১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এক লাখ চার হাজার ২৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত হামের উপসর্গে ৭৩৩ এবং হামে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে।











































