Home খেলাধুলা তিন অধিনায়ক তত্ত্ব থেকে সরে আসছে বিসিবি

তিন অধিনায়ক তত্ত্ব থেকে সরে আসছে বিসিবি

1



স্পোর্টস ডেস্ক

তিন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়কের নীতি থেকে সরে আসার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের জন্য পৃথক নেতৃত্বের পুরোনো কাঠামোয় ফেরার বিষয়ে বোর্ডে আলোচনা চলছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

প্রতিবেদন অনুযায়ী, নতুন পরিকল্পনায় টেস্ট দলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। আর সীমিত ওভারের দুই সংস্করণ, ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব একসঙ্গে দেওয়া হতে পারে লিটন দাসকে। বর্তমানে টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টির অধিনায়ক লিটন দাস।

আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হওয়ার পর তিন ফরম্যাটে তিন অধিনায়কের নীতি চালু হয়। সেই সময় ওয়ানডের নেতৃত্ব শান্তর কাছ থেকে নিয়ে দেওয়া হয় মিরাজকে। তবে পরিচালনা পর্ষদে পরিবর্তনের পর সেই নীতিতে আবারও পরিবর্তনের আভাস মিলছে। ক্রিকবাজের দাবি, বোর্ড চায় শান্ত শুধু টেস্ট ক্রিকেটেই মনোযোগ দিন। এ কারণে তার কাছে ওয়ানডের নেতৃত্ব ফিরিয়ে আনার সম্ভাবনা নেই।

অন্যদিকে, টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডের দায়িত্বও লিটনের হাতে তুলে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিসিবির পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই পরিবর্তন কার্যকর হলে ওয়ানডে অধিনায়কত্ব হারাতে পারেন মেহেদী হাসান মিরাজ। সে ক্ষেত্রে বাংলাদেশ দলের দুই সাদা বলের ফরম্যাটেই নেতৃত্ব দেবেন লিটন দাস। ক্রিকবাজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, টি-টোয়েন্টির মতো ওয়ানডে দলেও সহ-অধিনায়ক করা হতে পারে তাওহীদ হৃদয়কে।

সম্প্রতি অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শান্ত ও লিটনের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়ে নজর কাড়েন হৃদয়। ভবিষ্যতের নেতৃত্ব বিবেচনায় রেখেই তাকে আরও বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।