Home আঞ্চলিক ঝিনাইদহে অপসারণ হচ্ছে যান চলাচলে বাধা সৃষ্টি করা চত্বর

ঝিনাইদহে অপসারণ হচ্ছে যান চলাচলে বাধা সৃষ্টি করা চত্বর

0

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও যশোর মহাসড়কের সংযোগস্থলে সড়কের মাঝখানে নির্মিত একটি চত্বর অপসারণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এটি যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল।

জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ঝিনাইদহ পৌরসভা চত্বরটি অপসারণের কাজ শুরু করেছে। এতে যানজট ও দুর্ঘটনা কমবে বলে আশা করছেন পরিবহন শ্রমিক ও স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য, চত্বরটি ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর’ নামে পরিচিত হলেও সেখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কোনো ভাস্কর্য বা অবয়ব ছিল না। সড়কের মাঝখানে ভাস্কর্যের আদলে একটি বড় উঁচু পাথর স্থাপন করা হয়েছিল। এতে এক প্রান্তের যানবাহন অন্য প্রান্ত থেকে দেখা কঠিন হতো। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটতো। কোনো অবয়ব ছাড়াই প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন রয়েছে।
ঝিনাইদহ পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ আলী খান জানান, ২০১৪ সালে তৎকালীন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এবং তৎকালীন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চত্বরটির উদ্বোধন করেন।

প্রকল্পে ৩২ লাখ টাকা বরাদ্দ ছিল। প্রথম ধাপে ১১ লাখ টাকা উত্তোলনের পর কাজ শুরু হয়। পরে কী হয়েছে, সে বিষয়ে তথ্য নেই। প্রকল্প-সংক্রান্ত ফাইলও বর্তমানে পৌরসভার প্রকৌশল বিভাগে পাওয়া যাচ্ছে না।

ঝিনাইদহের সাবেক জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, জনদুর্ভোগ কমানো এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চত্বরটি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। যান চলাচলে এটি বাধা সৃষ্টি করছিল।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল মজিদ বলেন, সেখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কোনো ভাস্কর্য ছিল বলে তার জানা নেই।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামালুজ্জামানও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছেন। তবে সেখানে কখনো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কোনো ভাস্কর্য নির্মিত হয়নি। নির্মিত হলে তার জানার কথা।