Home জাতীয় দেশবাসীর সামনে শেখ হাসিনার সাজা কার্যকর হবে : শামা ওবায়েদ

দেশবাসীর সামনে শেখ হাসিনার সাজা কার্যকর হবে : শামা ওবায়েদ

10


খুলনাঞ্চল রিপোর্ট
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনাসহ পলাতক স্বৈরাচারীদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের ১৭ কোটি মানুষের সামনে তাদের সাজা কার্যকর করা হবে।’
শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘নারীর অগ্রযাত্রা : শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ১৭ বছর ধরে বিনা ভোটে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে সেই শাসনব্যবস্থা পরিচালিত হয়েছে। শেখ হাসিনার বিচার হয়েছে, সাজা হয়েছে। আরো অনেক স্বৈরাচারীরও সাজা হয়েছে। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন করা এবং সাজা কার্যকর করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছে। সেই প্রক্রিয়া এখনো চলমান।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যেসব দেশে তারা অবস্থান করছে, সেসব দেশের সঙ্গে আমরা যোগাযোগ করছি। কূটনৈতিক সব ধরনের প্রচেষ্টার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে এনে, ইনশাআল্লাহ, বাংলাদেশের ১৭ কোটি মানুষের সামনে তাদের সাজা কার্যকর করা হবে।’
জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের নারী কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের অংশগ্রহণে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফী।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত এবং সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।