আন্তর্জাতিক ডেস্ক।।
ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। একইসঙ্গে তারা মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে সামুদ্রিক যান চলাচলে বাধা সৃষ্টি এবং বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার জব্দের অভিযোগ এনেছে।
শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে, যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড জানিয়েছিল, মার্কিন বাহিনী বৃহস্পতিবার রাতে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি বাণিজ্যিক জাহাজকে বাধা দিয়েছে। ‘এম/টি ড্যাভিনা’ নামের জাহাজটি কোন দেশের তা জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইন্দো-প্যাসিফিক কমান্ড জানায়, অবৈধ নেটওয়ার্কগুলো ধ্বংস করতে এবং ইরানকে বস্তুগত সহায়তা প্রদানকারী জাহাজগুলোকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই থামিয়ে দেওয়া হবে।









































