Home আলোচিত সংবাদ ঈদের দিন সকালে ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির আভাস

ঈদের দিন সকালে ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির আভাস

2


ঢাকা অফিস।।

ঈদের দিন সকালে রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেছেন, ঢাকার পাশাপাশি রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে থেমে থেমে বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বর্ষণ না হলেও গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে তুলনামূলক কম বৃষ্টিপাত হতে পারে।

আবুল কালাম মল্লিক বলেন, জ্যৈষ্ঠ মাসে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ার আগেই বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে আকাশে মেঘ জমে বৃষ্টিপাতের প্রবণতা দেখা দেয়।

তিনি আরও জানান, চলতি সপ্তাহে কোনো ঘূর্ণিঝড় বা লঘুচাপের আশঙ্কা নেই। তবে জুনের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে তখন সারা দেশেই বৃষ্টিপাত বাড়তে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।