স্পোর্টস ডেস্ক।।
খেলোয়াড় জীবনে কখনোই আলোচনার কেন্দ্রবিন্দু হতে চাননি মাইকেল ক্যারিক। কোচ হিসেবেও হঠাৎ করে নিজেকে প্রচারের আলোয় নিয়ে আসার চেষ্টা করেননি তিনি। কিন্তু এমন এক মৌসুমে, যখন ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল স্থিরতা, স্বচ্ছতা ও আত্মবিশ্বাসের, তখন সেই তিন গুণের প্রতীক হয়ে উঠেছেন শান্ত, বিনয়ী ও সম্মানিত ক্যারিক।
জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর যা ঘটেছে, তা শুধুই সাময়িক পরিবর্তন নয়; বরং পুরো দলের এক অভাবনীয় রূপান্তর। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবেই শুক্রবার তাকে স্থায়ী প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
রুবেন আমোরিমের বিদায়ের পর ক্যারিক যখন দায়িত্ব নেন, তখন ইউনাইটেড ছিল দিশাহীন। অনিশ্চয়তা আর হতাশায় ডুবে ছিল তাদের পুরো মৌসুম।
কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই বদলে যায় দৃশ্যপট। দল উঠে আসে শীর্ষ তিনের লড়াইয়ে এবং কয়েক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করে চ্যাম্পিয়নস লিগে ফেরা।
সংখ্যার হিসাবও ক্যারিকের সাফল্যের সাক্ষ্য দেয়। তার অধীনে ১৬টি লিগ ম্যাচের মধ্যে ১১টিতে জয় পেয়েছে ইউনাইটেড, হার মাত্র দুটি। এই সময়ে লিগে সবচেয়ে বেশি পয়েন্টও সংগ্রহ করেছে তার দল।
ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লিভারপুল ও চেলসির মতো শক্তিশালী দলকে হারিয়ে ইউনাইটেড ফিরে পেয়েছে হারিয়ে যাওয়া প্রতিযোগিতার মানসিকতা।
এক মৌসুম আগে যারা লিগ শেষ করেছিল ১৫তম স্থানে, তাদের এই পরিবর্তন ছিল নাটকীয়।
তবে ওল্ড ট্র্যাফোর্ডের ভেতরের মানুষদের মতে, পরিবর্তনটা শুধু মাঠে নয়, ড্রেসিংরুমেও এসেছে। ক্যারিক শুধু পারফরম্যান্স উন্নত করেননি, পুরো পরিবেশটাই বদলে দিয়েছেন।
দলের ভেতরের অস্থিরতা কমেছে, খেলোয়াড়দের মধ্যে ফিরেছে লক্ষ্য ও ঐক্যের অনুভূতি।
আমোরিমের সময়ে মাইনুকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি। কিন্তু ক্যারিক তাকে আবার দলের কেন্দ্রীয় ভূমিকায় ফিরিয়ে এনে স্বাধীনভাবে খেলার আত্মবিশ্বাস দিয়েছেন। বড় ম্যাচগুলোতে তার সৃজনশীলতা ও দৃঢ়তা ইউনাইটেডের পুনর্জাগরণের অন্যতম প্রতীক হয়ে উঠেছে।
এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে শুক্রবার ইংল্যান্ডের বিশ্বকাপ দলেও জায়গা পেয়েছেন মাইনু।
দলের খেলোয়াড়রা বারবার বলেছেন, ক্যারিকের সবচেয়ে বড় শক্তি তার যোগাযোগ দক্ষতা। তিনি আদেশ দেন না, বরং সংযোগ তৈরি করেন।
বর্ষসেরা ফুটবলারের পুরস্কারজয়ী ব্রুনো ফার্নান্দেজও ক্যারিকের প্রশংসা করেছেন।
তিনি বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করতাম, ক্যারিক একজন অসাধারণ কোচ হতে পারেন। একজন খেলোয়াড় হিসেবে যেভাবে তিনি খেলা বুঝতেন, তেমনি কোচ হিসেবেও তা করতে পারেন। তার শান্ত স্বভাব ও বুদ্ধিমত্তা দেখলেই বোঝা যায়, তার মধ্যে বড় সম্ভাবনা আছে।’
ক্যারিকের ব্যক্তিত্বই তাকে আলাদা করেছে। তিনি চিৎকার বা নাটকীয় আচরণে বিশ্বাসী নন; বরং শান্ত ভাবনা, প্রজ্ঞা ও সহমর্মিতার মাধ্যমে প্রভাব বিস্তার করেন।
খেলোয়াড় জীবনে তিনি ছিলেন মাঝমাঠের ছন্দ নিয়ন্ত্রক। কোচ হিসেবেও সেই বৈশিষ্ট্যই এখন দেখা যাচ্ছে তার আচরণে।
ইউনাইটেডের ইতিহাস ও সংস্কৃতি খুব কম মানুষই ক্যারিকের মতো বোঝেন। খেলোয়াড় হিসেবে পাঁচবার লিগ জয় করা এই ৪৪ বছর বয়সী সাবেক তারকা জানেন এই ক্লাবের প্রত্যাশা ও চাপ কতটা বড়।
সেই অভিজ্ঞতাই তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। আমোরিম যেখানে তিন ডিফেন্ডারের রক্ষণভাগে আস্থা রেখেছিলেন, সেখানে ক্যারিক ফিরেছেন চার ডিফেন্ডারের পরিচিত ছকে।
এছাড়া ব্রুনো ফার্নান্দেজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দেরও ফিরিয়ে এনেছেন তাদের স্বাভাবিক অবস্থানে। ফলে ব্রুনো আবারও দলের আক্রমণের প্রাণভোমরা হয়ে উঠেছেন এবং মৌসুমে সর্বোচ্চ সহায়ক পাসের রেকর্ড স্পর্শ করেছেন।
একসময় যে ক্লাবকে ঘিরে ছিল সমালোচনা ও বিশৃঙ্খলা, সেখানে এখন ফিরেছে স্থিরতা ও পেশাদারিত্বের আবহ।
আর সেটিই হয়তো ক্যারিকের সবচেয়ে বড় সাফল্য। তিনি বিপ্লবের প্রতিশ্রুতি দেননি, কিন্তু স্থিতিশীলতা ফিরিয়ে এনে ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়ে দিয়েছেন।
দীর্ঘ এক যুগ মাঝমাঠ নিয়ন্ত্রণ করা সেই মানুষটির হাতেই এখন তুলে দেওয়া হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যতের দায়িত্ব।










































