Home Uncategorized সংগঠন চাঙ্গা করতে নেতাদের সঙ্গে বসছেন তারেক রহমান

সংগঠন চাঙ্গা করতে নেতাদের সঙ্গে বসছেন তারেক রহমান

14


খুলনাঞ্চল রিপোর্ট।।

সরকার গঠনের পর বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। দলের ও অঙ্গসংগঠনের শীর্ষ ভাগ নেতা হয়েছেন এমপি-মন্ত্রী। দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে চাঙ্গা থাকা দলটির মাঠের রাজনীতিতে ঘটেছে ছন্দপতন। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে বেশির ভাগ সংগঠনের কার্যক্রম। এ জন্য সংগঠনকে গতিশীল ও রাজপথে সাংগঠনিক শক্তি বাড়াতে উদ্যোগী হয়েছেন বিএনপি’র হাইকমান্ড। এরই অংশ হিসেবে আজ বিএনপি’র তিন অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।


মূলত মতবিনিময়ে তারেক রহমান কেন্দ্রীয় কমিটি গঠনের জন্য তৃণমূল নেতাদের মতামত শুনবেন। ওদিকে বিএনপি’র জাতীয় কাউন্সিলের আগেই বিএনপির জেলা পর্যায়সহ অঙ্গসংগঠনের কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করতে চাচ্ছেন বিএনপি। এরই অংশ হিসেবে আগামী এক থেকে দুই মাসের মধ্যে স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং ছাত্রদলে নতুন নেতৃত্ব আসতে পারে। যুবদলের নতুন কমিটি নিয়ে গুঞ্জন থাকলেও এক বছরের মেয়াদ বাকি থাকায় শিগগিরই কমিটি পূর্ণাঙ্গ করা হতে পারে। ইতিমধ্যে তারেক রহমানের কাছে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি জমাও দেয়া হয়েছে। এদিকে সরকারকে চাপে ফেলতে রাজপথে আন্দোলনে নামা বিরোধী দলকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে চায় বিএনপি। তাই রাজপথে সাংগঠনিক শক্তি বাড়াতে ঢাকার দুই মহানগরসহ দেশব্যাপী বিএনপি’র মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি দেয়ার কথা ভাবছে দলটির হাইকমান্ড।


বিএনপি’র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। সকাল থেকে বিকাল পর্যন্ত এই মতবিনিময় অনুষ্ঠিত হবে। মতবিনিময়ে এই তিন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সুপার ফাইভসহ জেলা এবং মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন। এ ছাড়াও জেলা বিএনপি’র সভাপতি এবং সাধারণ সম্পাদকরাও এই মতবিনিময়ে উপস্থিত থাকবেন। সেখানে নেতাদের কাছে কমিটির পুনর্গঠন, নেতৃত্ব এবং দেশের চলমান সার্বিক বিষয়ে তাদের পর্যবেক্ষণের বিষয়ে শুনবেন বিএনপি’র চেয়ারম্যান। তিনিও নেতাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলেও সূত্রটি জানিয়েছে।


যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, কমিটি গঠনের সিদ্ধান্ত বিএনপি’র হাইকমান্ডের। আমি সংগঠনের জন্য সর্বোচ্চ কাজ করছি। দল এবং সংগঠনের জন্য সবসময়ই এই সর্বোচ্চটা দেয়ার চেষ্টা আমি করবো। শনিবার তিন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান।

যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাদের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই তিন সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হতে পারে। এক্ষেত্রে কাউন্সিলের মধ্যে কমিটি গঠনের সম্ভাবনা কম রয়েছে। কিন্তু বিএনপি’র হাইকমান্ড চাইলে কাউন্সিল হতেও পারে। তবে এই অল্প সময়ে কাউন্সিলের মতো বড় একটি যজ্ঞ করা সম্ভব নয় বলে মনে করছেন নেতাকর্মীরা। এক্ষেত্রে ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা হতে পারে।
জানা গেছে, তরুণ এবং সাবেক ছাত্রনেতাদের নিয়ে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে চলছে যাচাই-বাছাই। ঈদের আগে কিংবা পরে নতুন কমিটির ঘোষণা আসতে পারে। আর সংসদ নির্বাচনের আগে ডাকসু নির্বাচনসহ ছাত্র সংসদের নির্বাচনের ছাত্রদলের ভরাডুবি সংগঠনের নেতৃত্ব ও সক্ষমতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। এই বিপর্যয় বিএনপিকে চরম অস্বস্তিতে ফেলে দেয়। এরপর থেকেই সংগঠনের তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব পরিবর্তনের দাবি ওঠে। ৫ই আগস্ট পরবর্তী ছাত্র রাজনীতিতে নতুন এক চ্যালেঞ্জ সামনে এসেছে, সেই চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই নেতৃত্ব নির্বাচন করবে দলটি। এর বাইরে আগামীর রাজনীতিতে যেকোনো মুহূর্তে সংকটের কথাও মাথায় রাখছে বিএনপি’র হাইকমান্ড।


তিন সংগঠনের কেন্দ্রীয় কয়েকজন সিনিয়র নেতা এবং তৃণমূলের বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা হয়েছে । তারা জানিয়েছেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামে ভূমিকা রয়েছে- এমন নেতৃত্ব সামনে আনতে চাইবে বিএনপি’র হাইকমান্ড। পাশাপাশি কোনো অবস্থাতেই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত কাউকে নেতৃত্বের সামনের সারিতে আনবে না। এ ছাড়া নতুন নেতৃত্ব বাছাইয়ে রাজপথের আন্দোলনে সক্রিয়তা, বিগত সময়ে মামলা-হামলার শিকার এবং সাংগঠনিক ধারাবাহিকতাকে প্রধান মানদণ্ড হিসেবে ধরা হচ্ছে। বিশেষ করে সাবেক ছাত্রনেতাদের প্রাধান্য দেয়ার বিষয়টি স্পষ্ট। পাশাপাশি ৫ই আগস্ট পট পরিবর্তনের পর চাঁদাবাজি এবং দখলকারীদের কমিটিতে রাখা হবে না বলেও জানা গেছে।


স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, সংগঠন পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন, তাতেই আমার আস্থা রয়েছে।
ছাত্রদলের নাছির উদ্দিন নাছির বলেন, ছাত্রদলের অভিভাবক বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান চাইলেই কমিটি হবে। তবে এখন আমরা সারা দেশের ছাত্রদলের কমিটি নিয়ে কাজ করছি। সামনে আরও কিছু কাজ আমাদের হাতে রয়েছে।


জাতীয়তাবাদী যুবদল: ২০২৪ সালের ৯ই জুলাই আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। প্রায় দুই বছরেও যুবদলের আংশিক ঘোষিত কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি। ছয় সদস্যের আংশিক কমিটি দিয়েই কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক কার্যক্রম চলছে। এরমধ্যে যুবদলের সাধারণ সম্পাদক সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শীর্ষ পদে আলোচনায় আছেন, সভাপতি পদে সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন। সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। এ ছাড়াও নতুন কমিটিতে আলোচনায় আছেন- যুবদলের সাবেক নেতা রুহুল আমিন আকিল, মাহবুবুল হাসান পিংকু, দীপু সরকার, কামরুজ্জামান দুলাল, মহসীন মোল্লা, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ পদপ্রত্যাশীর তালিকায় আছেন।

স্বেচ্ছাসেবক দল: ২০২২ সালের ৪ঠা সেপ্টেম্বর এসএম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এরমধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রতিমন্ত্রীও হয়েছেন।

সভাপতি পদে আলোচনায় বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

ছাত্রদল: ২০২৪ সালের ১লা মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। আগামী ১লা মার্চ ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। তবে বর্তমান কমিটি গঠনের পর থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সুপার ফাইভের নেতৃবৃন্দের সঙ্গে গ্রুপিং ও সমন্বয়হীনতার কারণে সাংগঠনিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির কারণে ছাত্রদলের চেইন অব কমান্ডও ভেঙে পড়েছে।

সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন- বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, সহ- সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ, খোরশেদ আলম সোহেল, ইজ্জাজুল কবির রুয়েল, এইচ এম আবু জাফর, সাফি ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মমিনুল ইসলাম জিসান, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান, আজিজুল হক জিয়ন, ফারুক হোসেন, আরিফুল ইসলাম, মাসুদুর রহমান, বায়েজিদ হোসেন, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, ডা. আউয়াল।-মানবজমিন