Home আঞ্চলিক সুন্দরবনের জন্য প্লাস্টিক ও রাসায়নিক বিষের ব্যবহার বন্ধের দাবি

সুন্দরবনের জন্য প্লাস্টিক ও রাসায়নিক বিষের ব্যবহার বন্ধের দাবি

0



মোংলা প্রতিনিধি:

সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়নে মোংলায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে ‘ইয়ুথ ফর দ্য সুন্দরবন’ এই সভার আয়োজন করে।

বক্তারা সুন্দরবনের জন্য ক্ষতিকর প্লাস্টিক, পলিথিন ও রাসায়নিক বিষের ব্যবহার বন্ধের আহ্বান জানান। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত বন সংরক্ষণ করে জীববৈচিত্র্য বৃদ্ধি, স্থানীয়দের সচেতনতা ও কর্মসংস্থানের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করা এবং আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের দাবি জানানো হয়।

কর্মশালায় সুন্দরবনের বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জ—বিশেষ করে জলদূষণ, প্লাস্টিক বর্জ্য, জীববৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব—নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা ও গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করেন এবং দূষণ হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

বক্তারা আরও বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এর রক্ষা ও পুনরুদ্ধারে স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক ভূমিকা অপরিহার্য।

কর্মশালায় সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশবান্ধব প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি, পরিবেশ শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধির কার্যক্রম নিয়ে কার্যকর পরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এই শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম সুন্দরবনকে দূষণমুক্ত ও জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি টেকসই বাস্তুতন্ত্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়, মোংলা পোর্ট পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা সরদার আব্দুল হান্নান, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ খান জাহান সরদার, রুপান্তরের বাগেরহাট জেলার সুন্দরবন সুরক্ষা প্রকল্প সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, ফিল্ড অফিসার সুনীতি রায়, ইয়ুথ ফর দ্য সুন্দরবন মোংলা শাখার আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা ও সদস্য মোহাম্মদ শাহিন খলিফা প্রমুখ।