Home আঞ্চলিক সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা

সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা

6


যশোর অফিস

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি।

সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির মনোনিতদের তালিকা ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের কাছে ২৭ হাজার ৬০ ভোটে পরাজিত হন তিনি। এদিকে সংরক্ষিত নারী আসনে সাবিরা সুলতানা মনোনিত হওয়াতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা।

দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর সাবিরা সুলতানা মুন্নী বলেন, দল তাকে সবসময় মূল্যায়ন করেছে, এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকলের প্রতি তিনি কৃতজ্ঞ। পাশাপাশি এলাকার মানুষ তার সঙ্গে ছিল উল্লেখ করে তাদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দল থেকে তার ওপরে অর্পিত দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারেন সেজন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। পাশাপাশি দলের সকল ভেদাভেদ ভুলে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


জানা গেছে, যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী নাজমুল ইসলাম ২০১১ সালে ঢাকা থেকে অপহরণের পর খুন হন। স্বামীর মৃত্যুর পর গৃহিণী থেকে রাজনীতিতে সক্রিয় হন সাবিরা সুলতানা মুন্নী। ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। দলের সংকটকালে রাজপথেও সোচ্চার ছিলেন। হামলা-মামলা-জেল-জুলুম উপেক্ষা করে দলকে সংগঠিত করেছেন। সদ্য শেষ হওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-২ আসনে বিএনপির মনোনয়ন পান সাবিরা সুলতানা। সেই নির্বাচনে জামায়াতের প্রার্থীর কাছে তিনি পরাজিত হওয়ার পিছনে ২ উপজেলার দলীয় শীর্ষ নেতাদের বিশ্বাসঘাতকতাকে উল্লেখ করে আসছিলেন। জাতীয় নির্বাচনে পরাজিত হওয়ার পরে সংরক্ষিত নারী আসনে আবারও দল তাকে মনোনিত করায় তৃর্ণমূলের নেতাকর্মীরা বলছেন ‘ত্যাগীদের বারবার মূল্যায়ন করে’ তারই প্রমাণ যেন সাবিরা সুলতানা।