Home আঞ্চলিক করোনা পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ যাতায়াতের ক্ষেত্রে শর্তাবলী আরোপ করেছে বেনাপোল ইমিগ্রেশন

করোনা পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ যাতায়াতের ক্ষেত্রে শর্তাবলী আরোপ করেছে বেনাপোল ইমিগ্রেশন

20

বেনাপোল প্রতিনিধি

বর্তমান করোনা পরিস্থিতিতে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে বেশ কিছু শর্ত আরোপ করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

আজ শুক্রুবার সকালে নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের ওসি মহাসিন খান।

ইমিগ্রেশনের ওসি মহাসিন খান জানান, বাংলাদেশি পাসপোর্টধারীরা করোনা পরিস্থিতির মধ্যে ব্যবসা, চিকিৎসা বা ভ্রমণে ভারতে যেতে চাইলে ভারতীয় হাই কমিশনারের অনুমতি পত্র থাকতে হবে। সেই সাথে লাগবে ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট সহ ২০২০ সালের পহেলা জুলাইয়ের পর ইস্যুকৃত ভিসা।

ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ আগমনের ক্ষেত্রে লাগবে হালনাগাদ ভিসা ও পাসপোর্ট। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পত্র এবং ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট।

বাংলাদেশে আটকে পড়া ভারতীয় যাত্রীরা স্বদেশ ফিরতে প্রয়োজন হবে মেয়াদযুক্ত পাসপোর্ট ও ভিসা নবায়ন ভারতীয় হাইকমিশনারের অনুমতি পত্র এবং ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট।

করোনাভাইরাসের সংক্রমণে ভারত সরকারের নেওয়া পদক্ষেপে গত ১৩ মার্চ থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের প্রবেশ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আবার লকডাউনে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দেশে ফেরার পথ বন্ধ হয়ে যায়। ২২ মার্চ থেকে বেনাপোল বন্দর দিয়ে রেল ও স্থলপথে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ করে দেয়া হয়। বর্তমানে এ পথে রেল ও স্থলপথে আমদানি রফতানি বাণিজ্য সচল হলেও দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াত এখনও বন্ধ রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মহাসিন খান আরো জানান, বাংলাদেশিদের ভারত ভ্রমণ, ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণ বা বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের প্রয়োজনীয় কাগজপত্র থাকলে তারা কোন বাধা ছাড়াই যাতায়াত করতে পারবেন।