Home খেলাধুলা ২০ ওভারে ৪২৭ রান করে বিশ্বরেকর্ড আর্জেন্টিনার

২০ ওভারে ৪২৭ রান করে বিশ্বরেকর্ড আর্জেন্টিনার

63

স্পোর্টস ডেস্ক।।

ক্রিকেটে বড় নাম নয় আর্জেন্টিনার। ফুটবলের তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটি আইসিসি’র পূর্ণ সদস্য নয়। তবে লিওনেল মেসির দেশ এবার চমক দেখালো ব্যাট-বলের লড়াইয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লো আর্জেন্টিনা। ২০ ওভারের ক্রিকেটে প্রথম বারের মতো ৪০০ রান করলো আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। শনিবার বুয়েন্স আয়ার্সে দক্ষিণ আমেরিকার আরেক দেশ চিলির বিপক্ষে ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৪২৭ রান করে আর্জেন্টিনা। স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি। পুরো ম্যাচে ৬৪টি নো বল করে চিলির মেয়েরা। ৭৩ রান দেয় তারা অতিরিক্ত খাতে । অতিরিক্ত রান ও নো-বল দেওয়ার দিক থেকেও এটি নারী-পুরুষ উভয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড।

 

আর্জেন্টিনার দুই ওপেনারই সেঞ্চুরি করেছেন। ৮৪ বলে ১৬৯ রান করেন লুসিয়া টেইলর। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এরপর তিনি জেসিকা মিরান্ডার বলে বোল্ড হয়ে ফেরেন। আরেক ওপেনার আলবার্তিনা গালান ৮৪ বলে ১৪৫ রানের ইনিংস খেলেন।
অপর ব্যাটার মারিয়া কাস্তিনেইরাস করেন ১৬ বলে ৪০ রান। লুসিয়া-গালানের উদ্বোধনী জুটিতে এসেছে ৩৫০ রান। যে কোনো উইকেটে এটিই সর্বোচ্চ জুটি। আগের সর্বোচ্চ ২০১৯ সালে ফিলিপাইনের বিপক্ষে ইন্দোনেশিয়ার দুই ওপেনারের গড়া ২৫৭। ম্যাচে ছক্কার মার নেই একটিও। ৫৭টি চার হাঁকান আর্জেন্টিনার ব্যাটাররা। এক ইনিংসে কোনো দলের এটিই সর্বোচ্চ চারের রেকর্ড। সৌদি আরবের বিপক্ষে বাহরাইন মেরেছিল ৫০টি চার। এক ওভারে ১৭টি নো বলসহ ৫২ রান দিয়েছেন চিলির ১৫ বছর বয়সী অভিষিক্ত পেসার ফ্লোরেন্সিয়া মার্তিনেস। এক ওভারে এত বেশি রান খরচের আর নজির নেই। এছাড়া চার ওভারের স্পেলে ৯২ রান খরচ করেছেন চিলির কন্সতান্সা ওইয়ারসে। টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিং এটি। একই ম্যাচে এই তালিকার দুই নম্বরে উঠেছে ৩ ওভারে ৮৩ রান দেওয়া এমিলিয়া তোরোর নাম। রানতাড়ায় মাত্র ৬৩ রানে অলআউট হয়ে যায় চিলি। ফলে বিশ্বরেকর্ড ব্যবধান ৩৬৪ রানে ম্যাচটি জিতে নেয় আর্জেন্টিনা। এর আগে উগান্ডার বিপক্ষে ৩০৪ রানে জিতে রেকর্ড গড়েছিল মালি।