স্টাফ রিপোর্টার>>
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার ওসি তদন্ত আসলাম বাহার বুলবুলকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২১ জুন) দুপুরে তাকে ক্লোজড করা হয়। কেএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দায়িত্বে অবহেলার প্রমান পাওয়ায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে, গত ১৬ জুন খুলনায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বজনদের হামলায় মহানগরীর রাইসা ক্লিনিকের পরিচালক ডা. মো. আব্দুর রকিব খান (৫৯) মারা যান। ঘটনার পর খুলনা সদর থানায় অভিযোগ দাখিল করতে গেলে পুলিশ নানান তালবাহানা করে ঘুরিয়েছিল বলে আভিযোগ করেছিল মৃত চিকিৎসকের স্বজনরা ।
পবরর্তীতে মামলা নিয়েছিল। পরে বুধবার (১৭ জুন) বিকেলে এক সভায় ঘটনায় সব আসামি ধরা পড়া না পর্যন্ত খুলনার সব চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। যদিও এর আগে পুলিশ পাঁচ জন আসামীকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টায় খুলনা প্রেসক্লাবে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুলনার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে চিকিৎসকদের কর্মবিরতি ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা ঘোষণা দিয়েছিলেন। তবে ডা. রকিব হত্যা মামলার সব আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও সদর থানার ওসির প্রত্যাহার না করা হলে আবারো আলোচনাক্রমে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা কথা জানিয়েছিলেন।









































