মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় জীবন মন্ডল (১৫) নামে দশম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা বেলেঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী গোয়ালহুদা গ্রামের বিপুল মন্ডলের ছেলে। সে খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাতটার সময় জীবন মন্ডল খালিশপুর থেকে মোটরসাইকেল যোগে মহেশপুর যাচ্ছিল। পথিমধ্যে বেলেঘাট নামক স্থানে পৌছলে বিপরীত দিকে থেকে আসা ঢাকাগামী উত্তরা ইউনিক পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে জীবন মন্ডল মারা যায়। এ সময় জীবনের সাথে থাকা একই গ্রামের আব্দুর রশিদের ছেলে কলেজ পড়ুয়া ছাত্র রাজু(১৭)মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। শনিবার সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।











































