Home আঞ্চলিক কুয়েটের আবাসিক হল খুলে দেয়া হয়েছে, ৯ জানুয়ারি ক্লাস শুরু

কুয়েটের আবাসিক হল খুলে দেয়া হয়েছে, ৯ জানুয়ারি ক্লাস শুরু

12
ক্যাম্পাসে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা।

জাহিদুল ইসলাম ।।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হল খুলে দেয়া হয়েছে। হল খোলার পর কিছু শিক্ষার্থীকে উঠতে দেখা গেছে।

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় প্রায় এক মাস বন্ধ থাকার পর আবাসিক সাতটি হল খুলে দেয়া হয়। ক্যাম্পাসে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। আগামী ৯ জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম চালু হবে।

কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার মুখপাত্র রবিউল ইসলাম সোহাগ জানান, শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছে। শনিবার (৮ জানুয়ারি) বিকেলের মধ্যে সব শিক্ষার্থী হলে চলে আসবে বলে তাদের ধারণা। ছাত্রদের ছয়টি ও ছাত্রীদের একটি হলে থাকেন মোট ২ হাজার ৪১৮ জন শিক্ষার্থী।      

কুয়েটের শিক্ষকরা জানান, লালন শাহ হলের ডাইনিং ম্যানেজার নিয়োগ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মানসিক চাপ সইতে না পেরে গত ৩০ নভেম্বর হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যু হয়। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ১ ডিসেম্বর থেকে ক্লাস বর্জন শুরু করেছিল শিক্ষক সমিতি। এছাড়া সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা পাল্টাপাল্টি অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ ডিসেম্বর সিন্ডিকেট সভায় কুয়েট বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছিল।

গত ৫ জানুয়ারি কুয়েট সিন্ডিকেটের সভায় চার ছাত্রকে আজীবন বহিষ্কার ও ৪০ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়। ৬ জানুয়ারি সভা করে কুয়েট শিক্ষক সমিতি ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করে।