আসাদুজ্জামান ইমন, ঢাকা।।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। বেশ কয়েকটি ইউপিতে ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ৭০৮টির মধ্যে ৬৯২টির ফল জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ইসির যুগ্ম-সচিব আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ফল ঘোষণা করেন।
এর আগে বুধবার (৫ জানুয়ারি) সহিংসতার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে অংশ নেয় চারটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। তবে আগের ধাপগুলোর মতো পঞ্চম ধাপেও বিএনপি ইউপি নির্বাচন বর্জন করেছে।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর চেয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বেশি জয়ী হয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশ আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী। মনোনয়ন না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
এ ধাপে ৩৪৬টি ইউপিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। আর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন ৩৪১ জন প্রার্থী। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত দুজন, জাতীয় পার্টির (জাপা) দুজন ও বাংলাদেশ জাতীয় পার্টির একজন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে পঞ্চম ধাপে ভোটগ্রহণের আগেই প্রতিদ্বন্দ্বী না থাকায় ১৯৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়।
জানা গেছে, পঞ্চম ধাপে ৪০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়েছে। বাকিগুলোতে ব্যালটে ভোট হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩৬ হাজার ৪৫৭ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান ৩ হাজার ২৭৪ জন, সংরক্ষিত সদস্য ৭ হাজার ৯৫০ এবং সাধারণ সদস্য ৩৯ হাজার ৩৯১ জন। এ ধাপে মোট ভোটার সংখ্যা এক কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ জন। এরমধ্যে নারী ভোটার ৬৮ লাখ ৩৬ হাজার ৩১ জন ও পুরুষ ৭০ লাখ ৬০ হাজার ১৪০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন।
গত বছর ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি, ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার এবং ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।











































