Home জাতীয় খালেদা জিয়া ভালো আছেন: চিকিৎসক

খালেদা জিয়া ভালো আছেন: চিকিৎসক

1267

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ডা. আলম মামুন। তিনি বলেন, এখন পর্যন্ত খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে বাসায় রেখেই তার চিকিৎসা সম্ভব।

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়াকে দেখে এসে সংবাদ মাধ্যমকে তিনি এসব বলেন। বিকাল ৩টা থেকে এক ঘন্টা ধরে তিনি করোনাক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা সেবা দেন। এ সময় বায়োকেমিক্যাল টেস্টের জন্য টেকনোলজিস্ট শরিফ উদ্দিন সবুজ খালেদা জিয়ার রক্তের নমুনা সংগ্রহ করেন।

ডা. মামুন বলেন, খালেদা জিয়ার করোনার কোনও উপসর্গ নেই। পরীক্ষার জন্য তার রক্তের নমুনা নেওয়া হয়েছে। তার রক্তে কোনো ঝুঁকি আছে কি না জানার জন্য বায়োকেমিক্যাল টেস্ট করা হয়েছে। রিপোর্ট আসলে পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করছেন তার পুত্রবধু ডা. জোবাইদা রহমান। তিনি দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে নির্দেশনা দিচ্ছেন। আসলে টিম ওয়ার্কের মাধ্যমে ম্যাডামের চিকিৎসা চলছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ইতিমধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে।

তিনি বলেন, আমরা সবসময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে আসছি। আমি গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি এই করোনার মধ্যে অবিলম্বে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ জামিন চেয়েছেন। আমি তার এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত।