বিনোদন ডেস্ক
ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’ দিয়েই দর্শক প্রশংসিত হয়েছিলেন নীলাঞ্জনা নীলা। এরপর প্রায় দুই বছর কেটে গেলেও এই গ্ল্যামারাস অভিনেত্রীকে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। গত বছর একটি সিনেমার শুটিং করার কথা থাকলেও করোনার কারণে সেটি সম্ভব হয়নি। অবশেষে ২০২১ সালে আঁধার কাটিয়ে তার সেই সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। নীলাঞ্জনা জানালেন, দু-এক মাসের মধ্যেই শুটিং শুরু করতে যাচ্ছেন। তিনি বলেন, সব কিছু ফাইনাল। তবে এখন এ ব্যাপারে কিছু জানাতে বারণ করেছেন পরিচালক। খুব শিগগিরই বিস্তারিত জানাতে পারবো আশা করছি।
সিনেমাটির শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি পর্বে কী করছেন জানতে চাইলে এই অভিনেত্রী আরো যোগ করেন, স্ক্রিপ্ট পড়ছি তো নিয়মিতই। ডায়ালগ মুখস্থ করছি। এর বাইরে চরিত্র অনুযায়ী শারীরিকভাবে নিজেকে তৈরি করছি। এমনকি সিনেমাটির জন্য আমাকে সাঁতারও শিখতে হবে। জানি না কীভাবে শিখবো। উপায় নেই, এটা রপ্ত করতেই হবে! এদিকে গত বুধবার সর্বশেষ একটি খণ্ড নাটকে অভিনয় করেন নীলাঞ্জনা। নাটকটির শিরোনাম ‘টাকারে ভাই টাকা’। এতে অ্যালেন শুভ্র’র বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে।











































