Home খেলাধুলা বিশ্বকাপে কেমন খেলছে প্রধানমন্ত্রীর ‘প্রিয় দল’ ইংল্যান্ড!

বিশ্বকাপে কেমন খেলছে প্রধানমন্ত্রীর ‘প্রিয় দল’ ইংল্যান্ড!

0

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ মানেই যেখানে ব্রাজিল আর আর্জেন্টিনার চিরন্তন দ্বৈরথ, সেখানে এবার দেশের ফুটবল সমীকরণে সম্পূর্ণ নতুন এক মাত্রা যোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পছন্দের দল ইংল্যান্ডকে ঘিরে এখন দেশজুড়ে বইছে তুমুল উন্মাদনা।

তবে বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে কিছুটা হোঁচট খেয়েছে প্রধানমন্ত্রীর এই প্রিয় দল। প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়া থ্রি লায়ন্সরা এবার ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে।

ফলে গ্রুপ ‘এল’ থেকে নকআউট বা শেষ ১৬ নিশ্চিত করতে এখন অপেক্ষা বাড়ল টমাস টুখেলের দলের।

গত ১৬ জুন বিকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এক সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, ‘ফুটবল বিশ্বকাপ চলছে, এই বিশ্বকাপের জোয়ারে বাংলাদেশও ভাসছে।

আপনি কোন দেশকে সমর্থন করেন?’
সরাসরি কোনো দেশের নাম না নিয়ে তারেক রহমান তখন চটজলদি উত্তর দেন, ‘আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই পারছেন।’

পরে ওই সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি হাসিমুখে বলেন, ‘আপনি আপনার উত্তর পেয়েছেন তো?’

প্রধানমন্ত্রীর এই ইঙ্গিতের পর থেকেই মূলত বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে ইংল্যান্ডকে ঘিরে বাড়তি কৌতূহল ও ব্যাপক আগ্রহ তৈরি হয়। এর বড় প্রভাব পড়েছে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে খোদ বাজারের জার্সির দোকানেও।

গুলিস্তানের জার্সি বিক্রেতা নাজমুল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন, তাই ইংল্যান্ডের প্রতি তার আলাদা টান থাকাটাই স্বাভাবিক। বাংলাদেশের ফুটবলপ্রেমিকরা এটা জানার পর থেকে ইংল্যান্ডের সমর্থক যেমন বেড়েছে, তেমনি থ্রি লায়ন্সদের জার্সি বিক্রিও হু হু করে বাড়ছে।’

প্রধানমন্ত্রীর সমর্থনের কারণে অন্য দলের সমর্থকরাও এখন আগ্রহ নিয়ে দেখছেন ইংল্যান্ডের খেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাউসার বলেন, ‘আমি অন্য একটি দলের সমর্থক। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী ইংল্যান্ড সমর্থক হওয়ায় রাত জেগে খেলা দেখলাম। আজকে ইংল্যান্ডের খেলা দেখে ভালোই লাগছিল, কিন্তু এত সুযোগ নষ্ট করলে তো সমস্যা। শুধু গোলটাই হলো না।’

আরেক ফুটবলপ্রেমী শিক্ষার্থী সাব্বির বলেন, ‘রাজনীতির বাইরে ফুটবল একটা বড় আবেগের জায়গা। প্রধানমন্ত্রী যে ইংল্যান্ড সমর্থক, এটা জানার পর অনেকেই বিষয়টা আগ্রহ নিয়ে দেখছে।’

ওয়ারীর বাসিন্দা নাফিস মনে করেন, ইংল্যান্ড মোটেও খারাপ খেলেনি, শুধু ফিনিশিং ভালো না হওয়ার কারণেই আজ গোলের দেখা মেলেনি।

মাঠে অবশ্য ইংল্যান্ড শুরু থেকেই আধিপত্য বজায় রেখেছিল। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দেওয়া ইংল্যান্ড ঘানার বিপক্ষেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল। ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, ননি মাদুয়েকে এবং হ্যারি কেইনদের একের পর এক আক্রমণ আছড়ে পড়েছে ঘানার ডি-বক্সে। কিন্তু ঘানার জমাট রক্ষণ ও গোলরক্ষক বেন্টারমিন আসারের অতিমানবীয় পারফরম্যান্সের সামনে সব প্রচেষ্টাই ভেস্তে যায়।

ম্যাচের ৮৬ মিনিটে বুকায়ো সাকার জোরালো শট ঘানার গোলরক্ষক অসাধারণ দক্ষতায় রুখে দিলে বল পোস্টে লেগে ফিরে আসে। এরপর সুবিধাজনক জায়গা থেকে হ্যারি কেইনের শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। পুরো ম্যাচে ১৯টি শট নিয়েছিল ইংলিশরা, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। বিপরীতে ঘানা শট নেয় ২টি, যার একটি লক্ষ্যে।

ইনজুরি সময়ে কর্নার থেকে মার্ক গেহির হেড প্রায় গোললাইন থেকে ফিরিয়ে দেন ঘানার ডিফেন্ডাররা। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডকে। এই ড্রয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকলেও শেষ ১৬ নিশ্চিত করতে গ্রুপপর্বের শেষ ম্যাচটি এখন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনে জিতে তার নেতৃত্বেই ২০ বছর পর ক্ষমতায় ফেরে বিএনপি।

তারেক রহমানের মা খালেদা জিয়া ফুটবলে ব্রাজিলের কড়া ভক্ত ছিলেন এবং পরিবারের অন্য সদস্যরাও সেলেসাওদের ফুটবল শৈলী পছন্দ করেন। তবে খোদ প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ডের দিকে।

আগামী রবিবার (২৮ জুন) দিনগত রাত ৩টায় পানামার মুখোমুখি হবে ইংলিশ দল। প্রধানমন্ত্রীর প্রিয় দল কি পারবে জয়ের ছন্দে ফিরে নকআউট পর্ব নিশ্চিত করতে, নাকি সমর্থকদের অপেক্ষা আরও বাড়বে সেটাই এখন দেখার বিষয়।