স্পোর্টস ডেস্ক।।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। সেই পারফরম্যান্সের প্রতিফলন দেখা গেছে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাংকিংয়ে। বিশেষ করে বড় লাফ দিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। সাম্প্রতিক সিরিজে দুর্দান্ত বোলিং করে টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে ২৭ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন নাসুম।
এর ফলে এই ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ র্যাংকধারী বোলার এখন তিনিই। দীর্ঘদিন দেশের সেরা বোলারের অবস্থান ধরে রাখা মোস্তাফিজুর রহমান দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন ১৫ নম্বরে।
বাংলাদেশের অন্য বোলারদের মধ্যে শেখ মেহেদী হাসান সাত ধাপ পিছিয়ে ২৪ নম্বরে অবস্থান করছেন। রিশাদ হোসেন হারিয়েছেন ৯ ধাপ, বর্তমানে তিনি ৩৩ নম্বরে।
অন্যদিকে অস্ট্রেলিয়ার নাথান এলিস তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন সপ্তম স্থানে। বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান, দ্বিতীয় স্থানে ভারতের বরুণ চক্রবর্তী।
ব্যাটারদের র্যাংকিংয়েও এসেছে বেশ কিছু পরিবর্তন। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ক্যারিয়ারসেরা ৭০৬ রেটিং পয়েন্ট নিয়ে চার ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন। বাংলাদেশের তানজিদ হাসান তামিম দুই ধাপ পিছিয়ে এখন ২৯ নম্বরে। তবে উন্নতি করেছেন তাওহিদ হৃদয়, ৯ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৩০ নম্বরে।
সবচেয়ে বেশি এগিয়েছেন সাইফ হাসান। ১৩ ধাপ উন্নতি করে তিনি এখন শ্রীলঙ্কার কুশল পেরেরার সঙ্গে যৌথভাবে ৩৫ নম্বরে অবস্থান করছেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার ম্যাট রেনশ সবচেয়ে বড় এগিয়েছেন। ৭০ ধাপ এগিয়ে তিনি পাকিস্তানের ফখর জামানের সঙ্গে যৌথভাবে ৭৩ নম্বরে জায়গা করে নিয়েছেন।
অলরাউন্ডারদের তালিকাতেও উন্নতি হয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটারের। শেখ মেহেদী হাসান পাঁচ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠেছেন। সাইফ হাসান ১৫ ধাপ এগিয়ে পৌঁছে গেছেন ৭৩ নম্বরে।









































