স্পোর্টস ডেস্ক।।
মাঠের বাইরে ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে এমন পরিস্থিতিতেও প্রিয় অধিনায়ককে একা হতে দিচ্ছেন না আর্জেন্টিনার সতীর্থরা।
আলবিসেলেস্তে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস জানিয়েছেন, পুরো দল এখন মেসির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে মহাকাব্যিক জয়ের পর সংবাদমাধ্যম ‘লা নাসিওন’কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার বলেন, ‘আমরা কোনোভাবেই ওকে ভেঙে পড়তে দেব না, বিশেষ করে এই মুহূর্তে তো নয়ই। লিওর এখন আমাদের মাঝে প্রাণখুলে হাসা এবং খেলাটা উপভোগ করা খুব দরকার।’
গত সপ্তাহে মেসির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার বাবা হোর্হে মেসি একটি গুরুতর ও অজ্ঞাত অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে গোল করার পর মেসিকে আবেগ ধরে রাখতে না পেরে কাঁদতে দেখা যায়। পরে তিনি নিজেই স্বীকার করেন, মাঠের বাইরে মানসিকভাবে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তিনি।
বাবার অসুস্থতার এই চরম দুশ্চিন্তার মধ্যেও মাঠের পারফরম্যান্সে তার কোনো নেতিবাচক প্রভাব পড়তে দেননি ৩৮ বছর বয়সী মহাতারকা। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে (১৬ গোল) ছাড়িয়ে এখন বিশ্বমঞ্চের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার (১৮ গোল) একক মালিক তিনি।
অধিনায়কের এমন রূপকথার মতো পারফরর্ম্যান্স ও মানসিক দৃঢ়তায় মুগ্ধ মার্তিনেস বলেন, ‘তার সাথে আর কারও তুলনা চলে না। ও সবার ঊর্ধ্বে, একা এক চূড়ায় দাঁড়িয়ে আছে। আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। স্রেফ একটা কথাই মনে হচ্ছে সে আমাদের মাঝে আছে এবং সে একজন আর্জেন্টাইন, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। আমাদের এই মুহূর্তটাকে মূল্যায়ন করা উচিত। তাকে নিয়ে বলার মতো কোনো শব্দ আর বাকি নেই, এখন শুধু মুগ্ধ হয়ে তার খেলা উপভোগ করার সময়।’
শুধু সতীর্থরাই নন, মেসির এই কঠিন সময়ে তার হাসি দেখতে মুখিয়ে আছেন ইন্টার মায়ামিতে তার দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজও। উরুগুয়ের এই কিংবদন্তি বলেন, ‘একজন বন্ধু হিসেবে, যে তাকে খুব কাছ থেকে চেনে, তাকে এভাবে বিশ্বকাপে হাসিমুখে এবং খেলাটা উপভোগ করতে দেখাটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া।’











































