Home আঞ্চলিক নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৪ লাখ ক্রীড়াবিদ: ক্রীড়া প্রতিমন্ত্রী

নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৪ লাখ ক্রীড়াবিদ: ক্রীড়া প্রতিমন্ত্রী

4

স্টাফ রিপোর্টার।।

তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনতে এবং সমাজ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন ঘটাতে দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এই আয়োজনের আওতায় সারা দেশের চার হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। আর এতে অংশগ্রহণ করবেন দেশের প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ। প্রধানমন্ত্রীর স্বপ্ন ও প্রত্যাশাকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রোববার (২৫ অক্টোবর) খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের মাধ্যমে দেশের সমাজ ব্যবস্থাপনা, পারিবারিক ব্যবস্থাপনা এবং সর্বোপরি রাষ্ট্র ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন আনা সম্ভব। আমরা চাই সকল প্রকার প্রতিহিংসা ভুলে গিয়ে দলমত নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলতে। ঐক্যবদ্ধ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ের এই খেলাধুলা এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর মাধ্যমে সমাজ ব্যবস্থার একটি গুণগত পরিবর্তন নিশ্চিত করা সম্ভব হবে। বিপুল সংখ্যক ক্রীড়াবিদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন জাগরণ সৃষ্টি করবে এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় নতুন কুড়ি স্পোর্টস (সিজন-২) উপলক্ষ্যে খুলনা জেলা স্টেডিয়ামে আরো উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্যরা।