স্পোর্টস ডেস্ক।।
যেই কথা সেই কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহাম্মদ মুহসীন হলের মাঠে বসেই লিওনেল মেসিদের খেলা উপভোগ করেছেন বাংলাদেশ নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
সোমবার (২২ জুন) রাতে মুহসীন হলের মাঠে কয়েক হাজার সমর্থকদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা দেখেন দেশটির রাষ্ট্রদূত। সেই ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ইউরোপের দেশ অস্ট্রিয়া।
বাংলাদেশ সময় রাত ১১টায় আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচটি শুরু হয়। তবে রাত ১০টার দিকে বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা ও মেসি ভক্তদের উন্মাদনা দেখতে মুহসীন হলের মাঠে উপস্থিত হন আর্জেন্টাইন রাষ্ট্রদূত।
এ সময় তার সঙ্গে ছিলেন আর্জেন্টিনার জনপ্রিয় ভ্রমণ লেখক, কনটেন্ট ক্রিয়েটর ও সাংস্কৃতিক দূত ড্যান লান্দে ও তার টিম। রোববার সকালে লান্দে ও তার টিম ঢাকায় পৌঁছায়। আগামী ২৯ জুন পর্যন্ত তাদের বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।
লান্দের সঙ্গে আরও রয়েছেন আর্জেন্টিনার সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গন্ডেল ও সান্তিয়াগো কন্দে।
বড় পর্দায় ম্যাচটি উপভোগের সময় তাদের উপস্থিতিতে শিক্ষার্থী ও আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শেষ পর্যন্ত মেসির জোড়া গোলে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পায় আলবিসেলেস্তেরা। এরপর উল্লাসে ফেটে পড়ে গোটা এলাকা।
আর্জেন্টাইন সমর্থকদের এমন উন্মাদনা দেখে দেশটির রাষ্ট্রদূত বলেন, ‘আমার মনে হচ্ছে না, আমি দেশের বাইরে কোথাও আছি। আমি নিজের দেশের মতো অনুভব করছি। মনে হচ্ছে, আমি আর্জেন্টিনায় আছি।’
এদিকে মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষে আগামী ২৪ জুন দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে ফ্ল্যাশমব আয়োজন করছে ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদ। সেই আয়োজনেও উপস্থিত থাকার কথা রয়েছে আর্জেন্টিনা থেকে আসা প্রতিনিধি দলের।
ঢাকার আর্জেন্টিনা দূতাবাস জানায়, বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রতি আর্জেন্টিনার মানুষের কৃতজ্ঞতা জানাতে এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে লান্দে ও তার টিম বাংলাদেশে এসেছে। সফরকালে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমীদের সঙ্গে সময় কাটানো, বিশ্বকাপ ঘিরে বাংলাদেশিদের উচ্ছ্বাস এবং বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক বাস্তবতা জানার পরিকল্পনা রয়েছে তাদের।











































