আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন না করার বিষয়ে সম্মতি দিয়েছে। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানায় বার্তা সংস্থা আল-জাজিরা।
ট্রাম্প বলেন, ‘আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না। দেশটি ইতোমধ্যেই সম্মত হয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র রাখবে না।’
ইরানে সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত বড় সাফল্য’ অর্জন করছে দাবি করে ট্রাম্প বলেন, ‘তেহরান কোনোভাবেই সুবিধাজনক অবস্থানে নেই। তার ভাষায়, ‘ইরানের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই। তাদের খুব কম সেনা রয়েছে। তাদের কোনো নেতৃত্বও নেই। তাদের অর্থনীতি ধসে পড়ছে।’
তিনি আরো দাবি করেন, ইরানে মূল্যস্ফীতির হার ২৫০ শতাংশে পৌঁছেছে এবং দেশটি নানা ধরনের অর্থনৈতিক সংকটে ভুগছে।
হরমুজ প্রণালি অবরোধের সম্ভাবনা দীর্ঘস্থায়ী হবে কি না— এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা হতে পারে, কিন্তু আমি মনে করি সম্ভাবনা কম। আমার ধারণা, বিষয়টির সমাধান খুব দ্রুত হয়ে যাবে।’
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত প্রসঙ্গে সাক্ষাৎকারে ইরানের নতুন সর্বোচ্চ নেতার ভূমিকা সরাসরি সম্পৃক্ত রয়েছে জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘তিনি অবশ্যই জড়িত। বলা হচ্ছে, তিনি অনুমোদন দিচ্ছেন, কারণ দীর্ঘদিন ধরেই এভাবেই বিষয়গুলো পরিচালিত হয়ে আসছে।’
নতুন নেতার সঙ্গে ভবিষ্যতে সাক্ষাতের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। তিনি বলেন, ‘সব কিছু কিভাবে এগোয় তার ওপর নির্ভর করবে, তবে কোনো একসময় আমাদের সাক্ষাৎ হতে পারে।’
তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যেকোনো সমঝোতা বা চুক্তির বাস্তবতা নির্ভর করবে ভবিষ্যৎ আলোচনার অগ্রগতি এবং উভয় পক্ষের আনুষ্ঠানিক অবস্থানের ওপর।











































