Home আঞ্চলিক টানা ৬০ দিন জামাতে নামাজ আদায়, পুরস্কৃত ১৩ যুবক

টানা ৬০ দিন জামাতে নামাজ আদায়, পুরস্কৃত ১৩ যুবক

18

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামে টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে পুরস্কৃত হয়েছেন ১৩ জন যুবক। যুবসমাজকে নামাজমুখী ও ধর্মীয় অনুশাসনের প্রতি উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এই উদ্যোগ নেয় স্থানীয় “হরিন্দিয়া মাদ্রাসা পড়া যুব উন্নয়ন সংঘ”।

দুই মাসব্যাপী এ কর্মসূচির ঘোষণা দেওয়ার পর থেকেই এলাকার তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নিয়মিত মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে তারা প্রতিযোগিতায় অংশ নেয়।

শুক্রবার (২৯ মে) বিকেলে হরিন্দিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ৩ জনকে বাইসাইকেল এবং বাকি ১০ জনকে বিভিন্ন ইসলামী বই উপহার দেওয়া হয়।

বাইসাইকেল বিজয়ীরা হলেন- আলিফ, আব্দুল্লাহ ও আমির হামজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আতিকুর রহমান। সঞ্চালনা করেন মাসুম বিল্লাহ। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মামুন বাবু, দেলোয়ার হোসেন সাইদী, আ. মালেক, আ. মজিদ মিয়া, সোহাগ আহমেদ, হাবিবুর রহমান, সবুজ হোসেন, আবুল কালাম ও হারুনসহ স্থানীয় যুবনেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে যুবসমাজকে নৈতিক অবক্ষয় ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। তরুণদের মসজিদমুখী করতে এবং ইসলামের মৌলিক অনুশাসনের প্রতি আগ্রহ বাড়াতেই এ আয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, ভবিষ্যতেও যুবসমাজকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।