মিলি রহমান।।
ঈদের খাবারের আয়োজন মানেই নানা পদের বাহার। গরুর মাংসের পরিচিত স্বাদের বাইরে এবার মেন্যুতে যোগ করতে পারেন সুস্বাদু মাটন কালাভুনা। ধীরে ধীরে মসলায় কষিয়ে রান্না করা এই পদ খাসির মাংসকে দেয় গাঢ় রং, ঝাঁঝালো সুগন্ধ আর দারুণ স্বাদ। গরম ভাত, পোলাও কিংবা পরোটার সঙ্গে এটি সহজেই হয়ে উঠতে পারে পরিবারের পছন্দের একটি খাবার।
যেভাবে রান্না করবেন
খাসির মাংস – ১ কেজি
পেঁয়াজ কুচি – ১ কাপ
টকদই – ১ কাপ
আদা বাটা – ১ টেবিল চামচ
রসুন বাটা – ১ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
রাঁধুনি বা জোয়ান – ১ টেবিল চামচ
শুকনা মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
জয়ফল-জয়িত্রী গুঁড়া – ১ চা চামচ
মৌরি – ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া – ১ চা চামচ
ধনিয়া গুঁড়া – ১ চা চামচ
তেজপাতা, দারুচিনি ও এলাচ – পরিমাণমতো
যেভাবে রান্না করবেন
প্রথমে খাসির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর টকদই, আদা-রসুন বাটা ও লবণ মিশিয়ে মাংস অন্তত এক ঘণ্টা মেরিনেট করে রাখুন, এতে মাংস নরম হবে এবং মসলার স্বাদ ভেতরে ঢুকে যাবে।
এবার একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা তৈরি করুন। পেঁয়াজের অর্ধেক তুলে রেখে বাকি অংশে তেজপাতা, দারুচিনি, এলাচসহ অন্যান্য গুঁড়া মসলা দিন। এরপর মেরিনেট করা মাংস দিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে ভালোভাবে কষাতে থাকুন।
মাংস থেকে পানি বের হয়ে মসলার সঙ্গে মিশে গেলে চুলার আঁচ কমিয়ে ঢেকে দিন। প্রয়োজন হলে অল্প গরম পানি যোগ করতে পারেন। মাংস নরম হয়ে এলে আরও কিছুক্ষণ কষিয়ে নিন, যাতে কালাভুনার স্বাভাবিক গাঢ় রং ও ঘন ঝোল তৈরি হয়।
সবশেষে আগে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা ওপরে ছড়িয়ে নামিয়ে নিন। সুগন্ধি ও ঝাল-ঝাল এই মাটন কালাভুনা পোলাও, ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করলে ঈদের খাবারের আয়োজনে যোগ হবে বাড়তি স্বাদ।









































