খুলনাঞ্চল রিপোর্ট।।
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এছাড়া স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে আগামী জুলাই মাস থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এর মধ্যে থাকবে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী।
হাসপাতাল পরিদর্শনকালে তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের মুখ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এছাড়া হাসপাতালের নষ্ট বেড ও অপ্রয়োজনীয় সরঞ্জাম আগামী সাত দিনের মধ্যে নিলামের মাধ্যমে বিক্রির নির্দেশনা প্রদান করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘বর্তমানে আউটসোর্সিং কর্মী নিয়োগ পদ্ধতি বন্ধ করে বিকল্প ব্যবস্থা নেওয়ার চিন্তা করছে সরকার।’
তিনি অভিযোগ করে জানান, আউটসোর্সিং ব্যবস্থায় একাধিক স্তরের ঠিকাদার কর্মীদের পাওনা অর্থের একটি বড় অংশ আত্মসাৎ করছে, যা বন্ধ হওয়া প্রয়োজন।
বেসরকারি ক্লিনিকগুলোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী প্রশাসনকে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানান। একই সঙ্গে অবৈধ ক্লিনিকগুলো চিহ্নিত করে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশে এ পর্যন্ত প্রায় দুই কোটি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং সরকারের কাছে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। যেসব শিশু এখনও টিকা নেয়নি, তাদের আওতায় আনতে কার্যক্রম চলমান রয়েছে।
স্বাস্থ্যখাতে নানা সীমাবদ্ধতা ও জনবল সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, ‘অনেক ঘাটতি থাকার পরও আমরা সর্বোচ্চ চেষ্টা করে স্বাস্থ্যসেবা চালিয়ে যাচ্ছি।’
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে তিনি জানান, এক লাখের বেশি ডেঙ্গু স্যালাইন মজুদ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, চলতি বাজেটে স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ দিয়ে হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, জনবল নিয়োগ এবং সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনে সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, হাসপাতাল ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মী।








































