মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বামী পক্ষের দাবি। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
নিহত পুঁজা বিশ্বাস (২২) উপজেলার কুচলিয়া গ্রামের আকাশ বিশ্বাসের স্ত্রী। দুই মাস আগে ভালবেসে তারা বিয়ে করেছিলেন।
পুঁজা বিশ্বাসের আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তবে হতাশা থেকে তিনি এই পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মণিরামপুর থানার এসআই নাজমুস সাকিব বলেন, কয়েকদিন ধরে পুঁজা জ্বরে ভুগছিলেন। জ্বরে আক্রান্ত হওয়ায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এছাড়া তিনি হতাশায় ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে শ্বশুর বাড়িতে তিনি ঘরের আড়ার সাথে শাড়ি পেঁচিয়ে ফাঁস দেন। টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি পুঁজাকে মৃত ঘোষণা করেন।
ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর উদ্দেশে লাশ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান এসআই নাজমুস সাকিব।











































