Home জাতীয় জামালপুরে একে সঙ্গে ৪ শিশুর জন্ম

জামালপুরে একে সঙ্গে ৪ শিশুর জন্ম

9

খুলনাঞ্চল রিপোর্ট

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আনোয়ারা বেগম (৩০) নামে এক গৃহবধূ একে একে ৪ শিশুর জন্ম দিয়েছেন। মঙ্গলবার সকালে জমালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ওই নারী ২টি ছেলে ও ২টি কন্যা সন্তানের জন্ম দেন।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গুনারীতলা ইউনিয়নের শিংদহ গ্রামের বেলাল মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম গর্ভবতী হলে ডাক্তার তাকে জমজ সন্তান হবে বলে জানিয়েছিল। সোমবার রাত থেকে তার প্রসব ব্যথা শুরু হয়। মঙ্গলবার সকালে তাকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পরেই একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। পরে প্রায় ১ ঘণ্টা অপেক্ষা করার পর আর কোনো সন্তান না হলে ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচারের মাধ্যমে বাকি তিন সন্তানের জন্ম হয়।

গাইনি সার্জন ডা. সাজদা-ই-জান্নাত তনু বলেন, প্রসব বেদনা নিয়ে আনোয়ারা বেগম সকাল ৬টায় হাসপাতালে ভর্তি হয়। তার গর্ভের বাচ্চার পজিশন ঠিক ছিল না। আমরা প্রাথমিকভাবে নরমাল ডেলিভারির চেষ্টা করার পর ১টি কন্যা সন্তানের জন্ম হয়। তারপর তাকে পরীক্ষা করে এবং তার আগের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখে বুঝলাম তার জমজ সন্তান হবে। তখন আমরা নরমাল ডেলিভারির জন্য আরও ১ ঘণ্টা অপেক্ষা করলাম।

কিন্তু তার পেটে হাত দিয়ে মনে হচ্ছিল তার গর্ভে জমজ সন্তানের চেয়ে বেশি কিছু আছে। তার অবস্থা ধীরে ধীরে সংকটাপন্ন হচ্ছিল। পরে তার আত্মীয়-স্বজনদের সাথে কথা বলে দ্রুত সার্জারি করা হয়। পরে আরও ২টি ছেলে ও ১টি কন্যা সন্তান জন্ম দেন তিনি।

আনোয়ারা বেগমসহ তার ৪টি সন্তানই সুস্থ আছে। নবজাতকদের ওজন স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকায় তাদের স্পেশাল কেয়ারের জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।