ক্রীড়া প্রতিবেদক
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ক্রিকেটারদের আগমনে মুখর হয়ে উঠছে দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলো। বিশেষ করে চার বিভাগীয় শহরের চারটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সীমিত পরিসরে ক্রিকেটারদের অনুশীলন করার জন্য গতকাল রবিবার খুলে দেয়া হয়েছে। চার শহরে মোট ৯ জন ক্রিকেটার অনুশীলন করলেন প্রথম দিন।
মার্চে সর্বশেষ ক্রিকেটীয় কর্মকা- চলেছিল। করোনার প্রকোপ শুরু হওয়ার পর বন্ধ করে দেয়া হয় সেই কার্যক্রম। গত বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিল ক্রিকেটারদের অনুশীলনে ফেরার বিষয়টি। অবশেষে যথাযত স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেটারদের অনুশীলনে ফেরার অনুমতি দিয়েছে বিসিবি। সে হিসেব গতকাল সকাল থেকেই অনুশীলন শুরু হয় ক্রিকেটারদের। তবে করোনা সংক্রমণ এড়াতে বিসিবি কিছু নিয়ম করে দেয় এ ক্ষেত্রে। সেটা হলো, একই সময়ে একজন মাত্র ক্রিকেটার অনুশীলন করতে পারবে একটি গ্রাউন্ডে। সাথে থাকবেন একজন ট্রেনার। তিনিও পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে অনুশীলন করাবেন। বিসিবির কোনো গ্রাউন্ডসম্যান, কোনো স্টাফ কিংবা কর্মকর্তা ওই সময় মাঠে প্রবেশ করতে পারবেন না। মিডিয়াকে তো আগেই নিষিদ্ধ করা হয়েছে। শুধু বলা হয়েছে, ফটো সাংবাদিকরা নির্দিষ্ট দুরত্ব থেকে ছবি তুলতে পারবেন এবং টিভির ক্যামেরাম্যানরা দুর থেকে ফুটেজ নিতে পারবেন। দ্বিতীয় ক্রিকেটার তখনই মাঠে নামতে পারবেন, প্রথম যখন উঠে যাবেন। এ হিসেবে গতকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম। এই তিনজন অনুশীলন করেন ঢাকায়। ইমরুল কায়েস অনুশীলন করবেন আজ।
সিলেটের লাক্কাতুরা চা বাগান সংলগ্ন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন পেসার খালেদ আহমেদ এবং বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এবং অফ স্পিনার মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ। যদিও চট্টগ্রামে অনুশীলন করার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেননি স্পিনার নাঈম হাসান।
অনুশীলন শুরুর আগে বিসিবি স্বাস্থবিধির সবগুলো ধাপই অনুসরণ করে ক্রিকেটারদের মাঠে নামার সুযোগ দিয়েছে। খেলোয়াড় এবং ট্রেইনারের শরীরের তাপমাত্রা মেপে, হ্যান্ড স্যানিটাইজ করে, পুরো শরীরে জীবানুনাশক স্পে করে এরপর মাঠে প্রবেশের সুযোগ দিয়েছে।
সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে আর্সেনাল
ক্রীড়া প্রতিবেদক
লিভারপুলের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা হারিয়েও ত্রিমুকুট (ট্রেবল) জয়ের আশা টিকে ছিল ম্যানচেস্টার সিটির। লিগ কাপ জেতা হয়েছে, এফএ কাপ বাকি, সামনে চ্যাম্পিয়নস লিগ-ত্রিমুকুট আসতেই পারতো।
কিন্তু শনিবার রাতে চ্যাম্পিয়ন সিটির জন্য এফএ কাপ অতীত হয়ে গেছে। এফএ কাপের সেমিফাইনালে পেপ গার্দিওলার সিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে আর্সেনাল। ১৯ ও ৭১ মিনিটে গোল দুটি করেছেন গ্যাবনিজ স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াং। ওয়েম্বলি স্টেডিয়ামে মাঠের লড়াইটা আসলে ছিল সিটি বনাম আর্সেনাল। পেপ গার্দিওলা বনাম মিকেল আর্তেতা। দুই স্প্যানিশ কোচের লড়াইয়ে নবীন আর্তেতা রণকৌশলে হারিয়ে দিয়েছেন তার বিখ্যাত প্রতিপক্ষকে। কৌশলটা খুব সাধারণ। আর্তেতা জানতেন সিটি খেলবে পজেশন নির্ভর হাই-প্রেসিং ফুটবল। সুতরাং রক্ষণটাকে দারুণ সাজিয়েছিলেন তিনি। ৫-৩-২ ফর্মেশনে দুর্গ গড়ে রেখেছিলেন তিন সেন্টার ব্যাক রেখে। সঙ্গে অবামেয়াংয়ের নেতৃত্বে ক্ষুরধার প্রতিআক্রমণ। এতেই অকার্যকর হয়ে গেল সিটির যত আক্রমণ। আক্রমণ যদি ক্ষুরধার না হয়, না হয় লক্ষ্যভেদী, বলের দখল রেখে যে কিছু হয় না তার প্রমাণ পাওয়া গেল আবারও। পরিসংখ্যান দেখাচ্ছে সিটির বল দখল ছিল শতকরা ৭১ ভাগ, আর্সেনালের ২৯। সিটি গোলে শট নিয়েছে ১৬টি, যেখানে লক্ষ্যে ছিল মাত্র একটি শট। আর উল্টোদিকে আর্সেনালের চারটি গোলমুখী শটের চারটিই ছিল লক্ষ্যে, দুটি থেকে এসেছে দুটি গোল। প্রথম ১৫ মিনিট পর্যন্ত তো সিটির বল দখল ছিল ৯০ শতাংশ। কিন্তু এই চাপ কী অসাধারণভাবেই সামাল দিয়েছে আর্সেনালের রক্ষণ। রক্ষণের নেতা কিন্তু সেই ডেভিড লুইজ, লকডাউনের পর আবার প্রিমিয়ার লিগ শুরু হতে যার দোষে সিটির কাছে ৩-০ গোলে হেরেছিল আর্সেনাল। একটি আত্মঘাতী গোল করেছিলেন, পেনাল্টি উপহার দিয়ে লালকার্ড দেখেছিলেন। লুইজের পাশে এদিন অবশ্য সবাই অসাধারণ খেলেছেন শখোদ্রান মুস্তফি, নিকোলাস পেপে, গ্রানিত জাকা এবং অবশ্যই টায়ারনি।
আরও সোয়া দুই কোটি টাকা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া প্রতিবেদক
করোনাকালে দেশের তৃণমূল পর্যায়ে ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টদের আর্থিক সহায়তা তুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল সরকারিভাবে। তারই ধারাবাহিকতায় অসহায়দের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গতকাল রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় সোয়া দুই কোটি টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
চেক প্রদানকালে ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন এই অর্থ ৮টি বিভাগীয় ও ৬৪টি জেলা ক্রীড়াসংস্থাকে প্রদান করা হয়েছে, ‘করোনা দুর্যোগের শুরু থেকেই ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মানবিক সহায়তা করার চেষ্টা করে আসছি। এরই মধ্যে আমরা বিভিন্ন ফেডারেশনের মাধ্যমে এক হাজার ক্রীড়াবিদকে এক কোটি টাকা দিয়েছি। আজ আমরা ৮টি বিভাগীয় ও ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে প্রায় সোয়া দুই কোটি টাকার চেক প্রদান করেছি। আর এসকল উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সার্বিক দিক নির্দেশনায়।’
ফিফার করোনা ফান্ডের সহায়তা কবে পাবেন ক্ষতিগ্রস্তরা
ক্রীড়া প্রতিবেদক
এক মাস হতে চলছে, ফিফা ঘোষণা দিয়েছিল তাদের ২১১টি সদস্য দেশকে ‘কোভিড-১৯ রিলিফ ফান্ড’ থেকে সহায়তা করবে। ফিফার এই করোনা ফান্ড থেকে বাংলাদেশের পাওয়ার কথা সাড়ে ৮ কোটি টাকা। তাও দুই কিস্তিতে। জুলাইয়ে দেয়ার কথা অর্ধেক, বাকিটা আগামী জানুয়ারিতে।
জুলাইয়ে অর্ধেক বরাদ্দ দিলে সোয়া ৪ কোটি টাকা জমা হওয়ার কথা বাফুফের তহবিলে। এরপর দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি সেই টাকা ক্ষতিগ্রস্ত ফুটবলার, প্রশিক্ষক, রেফারি, সংগঠক, কাব ও ডিএফএসহ সংশ্লিষ্টদের প্রদান করবে। বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘এটা নিয়ে কোনো ভুল ব্যাখ্যার সুযোগ নেই। ফিফার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পত্র এবং অর্থ প্রাপ্তির পর ফিফার সার্কুলার অনুযায়ী করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ফুটবলার, প্রশিক্ষক, রেফারি, সংগঠক, কাব ও ডিএফএসহ সংশ্লিষ্টদের সহায়তা করা হবে।’
তিন ফুটবলারের পাশে তরফদার
ক্রীড়া প্রতিবেদক
অভাবে অন্য পেশায় যোগ দেয়া তিন অসহায় ফুটবলারকে ৫০ হাজার টাকা করে প্রদানের পাশাপাশি তাদের আবার মাঠে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব এবং বাংলাদেশ ফুটবল কাবস অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) সভাপতি তরফদার মো. রুহুল আমিন।
এই তিন ফুটবলার হলেন নারায়ণগঞ্জের রাজমিস্ত্রির সহকারী আরিফ হাওলাদার, ফরিদপুরের ঝাড়ুদার রিপন কুমার দাস এবং খুলনার ইজিবাইক চালক মো. হাসান আল মামুন। গতকাল রবিবার বিকেলে এই তিন ফুটবলারকে নিজ কার্যালয়ে ডেকে তাদের হাতে টাকা তুলে দিয়েছেন তরফদার মো. রুহুল আমিন। তিনজনই প্রতিভাবান ফুটবলার ছিলেন। আরিফ সর্বোচ্চ লিগে খেলে নিজেকে টিকিয়ে রাখতে না পেরে চ্যাম্পিয়নশিপ লিগে যোগ দিয়েছিলেন। এ মৌসুমে কোন কাব তাকে নেয়ইনি। ফুটবলার হওয়ার চ্যালেঞ্জে নিজেকে টিকিয়ে রাখতে না পেরে পরিবারের হাল ধরতে বেছে নেন রাজমিস্ত্রি পেশা।
ফরিদপুরের রিপন দাস ২০১২ সালে এয়ারটেল রাইজিং স্টার চ্যাম্পিয়ন দলের হয়ে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড কাবে ১০ দিন অনুশীলন করেছিলেন; কিন্তু চ্যাম্পিয়নশিপ লিগের ওপরে উঠতে পারেনি। খুলনার ইজিবাইক চালক হাসান আল মামুন খেলেছেন বাসাবো তরুণ সংঘের হয়ে।
দুই মেহেদীর সঙ্গে সোহানের অনুশীলন
ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘ চার মাসের অপেক্ষা ফুরাল। ক্রিকেটাররা ফিরলেন আপন ঠিকানায়। দেশের চারটি মাঠে গতকাল রবিবার নয় ক্রিকেটার শুরু করেছেন ঐচ্ছিক অনুশীলন।
খুলনার স্থানীয় তিন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান ও কাজী নুরুল হাসান সোহান অনুশীলন করেছেন শেখ আবু নাসের স্টেডিয়ামে। সকাল নয়টা থেকে তাদের পৃথক অনুশীলন শুরু হয়। প্রত্যেকে আলাদা আলাদা সময়ে জিম সেশন এবং মাঠে রানিং করেন। তবে ক্রিকেটারদের এদিন ইনডোর ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। সাত সকালে মাঠে আসেন অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। মাঠে রানিং করেন প্রায় এক ঘণ্টা। এরপর আসেন নুরুল হাসান সোহান ও মেহেদি মিরাজ। তারা আলাদা ভাবে এক ঘণ্টা করে মাঠে রানিং ও পরে এক ঘণ্টা করে জিমে সময় কাটান। সোহানের সাথে তার ব্যক্তিগত ট্রেনার রাসেলও মাঠে ছিলেন। মাঠে থাকা পুরোটা সময় প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে চলেছেন।
করোনা আক্রান্ত সাকিবের বাবা
ক্রীড়া প্রতিবেদক
এবার করোনা আক্রান্ত হলেন সাকিব আল হাসানের বাবা সৈয়দ মাশরুর রেজা। গত বৃহস্পতিবার থেকে হালকা জ্বর অনুভব করায় সতর্কতার জন্য শনিবার করোনা টেস্ট করিয়েছিলেন। ওই দিনই তার রিপোর্ট পজিটিভ আসে।
করোনা আক্রান্ত হলেও সাকিবের বাবা বর্তমানে সুস্থই আছেন। বর্তমানে মাগুরায় নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছেন মাশরুর রেজা। মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা বলেছেন, ‘সাকিবের বাবা সৈয়দ মাশরুর রেজার করোনা ধরে পড়েছে। তিনি বাসায় আইসোলেশনে আছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।’
প্রশিক্ষক মনুর ভাই জাহিদ ও পিয়াস এর ইন্তেকালে ক্রীড়া সংস্থার শোক
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ সদস্য ও বিসিবির বিভাগীয় প্রশিক্ষক এস এম মনোয়ার আলী মনু এর মেঝো ভাই এস এম জাহিদ আলী (৫৭) ও সাধারণ পরিষদ সদস্য ইয়ং স্পীড ঈগল কাবের সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক আফজাল হোসেন পিয়াস ইন্তেকাল করেছেন (ইন্না.. রাজিউন)।
এস এম জাহিদ আলী ও আফজাল হোসেন পিয়াস এর ইন্তেকালে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, আলহাজ্ব এস এম মোর্ত্তজা রশিদী দারা, মুস্তাফিজুর রহমান বাবলু, আজমল আহম্মেদ তপন, সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজ্বী মো. মোতালেব মিয়া, যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জি এম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য এস এম খালেদীন রশিদী সুকর্ন, মো. মোমতাজ আহমেদ তুহিন, মোল্লা খায়রুল ইসলাম, ফরহাদ নেওয়াজ শিমু, মো. সুজন আহম্মেদ, শরীফ মো. বদরুজ্জামান মামুন, নাজমুস সাদাত সুমন, এস এম ইনামুল কবীর মন্নু, কনক রহমান, ফয়সাল আহম্মেদ পপা, এস ওয়াহিদুর রহমান বাবু, খান নজরুল ইসলাম, এ বি এম কামরুজ্জামান, শাহানাজ ফাতেমা আজাদ মৌরী, পারভীন রহমান।
সাবা করিমকে সরিয়ে দিলো সৌরভের বোর্ড
ক্রীড়া প্রতিবেদক
সৌরভ গাঙ্গুলীকে সভাপতি করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) পুনর্গঠিত হয়েছে গত বছর। নতুন কমিটির হাত ধরে বোর্ডে সংস্কারমূলক কাজ চলছে, একেক করে বিদায় নিতে হচ্ছে আগের কর্মকর্তাদের।
প্রধান অর্থ কর্মকর্তা সন্তোষ রাঙনেকারকে পদত্যাগ করে চলে যেতে হয় গত বছর। এ মাসের প্রথম দিকে পদত্যাগ করতে হয়েছে আদালতের পরামর্শে গঠিত বিসিসিআইয়ে প্রধান নির্বাহী হিসেবে কাজ করা রাহুল জোহরি। এবার ক্রিকেট পরিচালনা বিভাগের মহাব্যবস্থাপক ভারতের সাবেক উইকেটকিপার সাবা করিমকেও পদত্যাগ করতে হলো বিসিসিআইয়ের নির্দেশে। যে ঘরোয়া ক্রিকেট নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের কাজে ও পরিকল্পনায় খুশি ছিল না বোর্ড। জন্ম বিহারে হলেও বাংলার হয়ে রঞ্জি খেলেছেন ৫২ বছর বয়সী সাবা, ভারতের হয়ে খেলেছেন একটি টেস্ট ও ৩৪টি ওয়ানডে। বাংলাদেশে ২০০০ সালের এশিয়া কাপ খেলতে এসে অনিল কুম্বলের বলে উইকেট কিপিং করতে গিয়ে চোখে বলের আঘাত পান। মূলত চোখের সেই চোটেই ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যায় সাবার।
চোট পেয়ে মাঠের বাইরে পাকিস্তানি ক্রিকেটার
ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ড সফরে থাকা পাকিস্তান ক্রিকেট দল বর্তমানে ডার্বিশায়ারে অনুশীলনে ব্যস্ত। আর সেখানে অনুশীলনের এক পর্যায়ে চোট পেয়েছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান খুশদিল শাহ। আর এতে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
ওরচেস্টারে কোয়ারেন্টাইন শেষে ডার্বিশায়ারে অনুশীলনের জন্য পাড়ি জমায় সফরকারি পাকিস্তান দল। শনিবার সেখানে ব্যাটিং অনুশীলন শেষে চোট পান খুশদিল। এতে এ মিডল অর্ডার ব্যাটসম্যানের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় ধরেছে বলে নিশ্চিত করেছে পিসিবি। তবে সফরে খেলার জন্য ভালোভাবে টিকে আছেন খুশদিল। কারণ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ করে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। যেখানে কেবল টি-টোয়েন্টি সিরিজই খেলবে খুশদিল। যা শুরু হবে আগামী ২৮ আগস্ট থেকে। এর আগে ৫ আগস্ট থেকে শুরু হবে টেস্ট সিরিজ। এর আগে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে একটি ম্যাচ খেলেছে বাঁহাতি ব্যাটসম্যান।
জাম্বিয়ায় করোনায় আক্রান্ত ফুটবলারদের নিয়েই লিগ শুরু
ক্রীড়া প্রতিবেদক
এর থেকে ভয়াবহ কা- বোধ হয় সাম্প্রতিককালে আর হয়নি। করোনায় আক্রান্ত ফুটবলারদের নিয়েই শুরু হয়ে গেল লিগের ম্যাচ। করোনার প্রকোপ কমাতে লকডাউনের জেরে ক্রিকেট, ফুটবলসহ প্রায় সব খেলাই বন্ধ ছিল দীর্ঘদিন। ১১৬ দিন বাদে ক্রিকেট ফিরেছে মাঠে। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ খেলতে নেমেছে।
তবে, ফুটবল ফিরেছে আগেই। ইউরোপের বহু দেশে লম্বা বিরতির পর ফুটবল লিগ শুরু হয়েছে। আফ্রিকার জাম্বিয়াতেও ফিরেছে ফুটবল। তবে অবাক করার মতো বিষয়, করোনায় আক্রান্ত ফুটবলারদের নিয়েই সেখানে লিগ শুরু করেছে কর্তৃপক্ষ। জাম্বিয়ান সুপার লিগ কর্তৃপক্ষের এমন মারাত্মক সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, সব কিছু জানা সত্ত্বেও কী করে কর্তৃপক্ষ সবার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে।
গোল উৎসবে ষষ্ঠ স্থানে উঠল মিলান
ক্রীড়া প্রতিবেদক
লকডাউন থেকে ফিরেই মাঠের পারফরম্যান্সে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এসি মিলান। দুর্বার গতিতে ছুটে চলেছে সামনে। কোনো দলই যে হারাতে পারছে না তাদের। তারই ধারাবাহিকতায় নিজেদের মাঠে এবার গোল উৎসব করল এসি মিলান। প্রতিপক্ষ বোলোনাকে উড়িয়ে দিল ৫-১ গোলে।
দাপুটে এ জয়ে সেরি এ’তে টানা আট ম্যাচ অপরাজিত রয়ে গেল জ্লাতান ইব্রাহিমোভিচের মিলান। সঙ্গে উঠে গেল ইতালিয়ান লিগের পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে।শনিবার রাতে সান সিরোতে স্বাগতিক মিলানকে একে একে গোল উপহার দেন অ্যালেক্সিস সায়েলেমায়েকার্স, হাকান কালহানোগ্লু, ইসমাইয়েল বেনাকার, অ্যান্তে রেবিচ ও ডেভিড কালাব্রিয়া। সফরকারী বোলোনার হয়ে একটি গোল শোধ করেন তাকেহিরো তোমিয়াসু। তবে ৬৫ ম্যাচ খেলে সেরি এ’তে এই প্রথম গোলের দেখা পেলেন বেনেকার ৩৪ ম্যাচে এসি মিলানের পুঁজি এখন ৫৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে বর্তমান চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস ৭৭ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।
নিউ সাউথ ওয়েলসে ফিরলেন হাথুরুসিংহে
ক্রীড়া প্রতিবেদক
নিউ সাউথ ওয়েলসে ফিরলেন চন্দিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ার রাজ্য দলটির ব্যাটিং ও সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করবেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাবেক এই কোচ।
২০১০ থেকে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ ছিলেন হাথুরুসিংহে। সেই দায়িত্ব ছেড়ে ২০১৪ সালের জুনে দায়িত্ব নেন বাংলাদেশের। ২০১৭ সালে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি।
পরে দায়িত্ব নেন নিজ দেশ শ্রীলঙ্কার। তবে তার শ্রীলঙ্কায় সময় সুখকর হয়নি। ২০১৯ বিশ্বকাপসহ বেশ কয়েকটি সিরিজে দলের বাজে পারফরম্যান্সের পর কয়েক মাস দলে নিষ্ক্রিয় করে রাখা হয় তাকে। পরে চলতি বছরের শুরুতে তার সঙ্গে চুক্তি বাতিল করে লঙ্কান বোর্ড। এখন আবার পুরনো ঠিকানায় ফিরলেন তিনি। নিউ সাউথ ওয়েলসে হাথুরুসিংহে কাজ করবেন প্রধান কোচ ফিল জ্যাকস, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ও স্পিন বোলিং কোচ অ্যান্থনি কার্কের সঙ্গে।
চাকরি হারানোর শঙ্কায় মেসিদের কোচ
ক্রীড়া প্রতিবেদক
চাকরি হারানোর আশঙ্কায় ভুগছেন বার্সেলোনার কোচ কিকে সেতিয়েন। বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই তাঁকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। সেতিয়েনের প্রশিক্ষণ পদ্ধতি এবং প্রথম একাদশ নির্বাচন নিয়ে চূড়ান্ত অখুশি কাবের প্রাণভোমরা লিওনেল মেসি।
এছাড়া বিভিন্ন বিষয়ে একাধিক ফুটবলারের সঙ্গে তাঁর মতানৈক্যের প্রভাব পড়েছে পারফরম্যান্সে। মেসিকে তুষ্ট রাখতে কাব প্রেসিডেন্ট জোসেফ বার্তোমেউ কোচ সেতিয়েনকে ছাঁটাই করতেই পারেন। লিগ হারানোর বেদনায় সমর্থকদের সহানুভূতিও কোচের সঙ্গে নেই। আগামী ৮ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি পর্বে নিজেদের মাঠে নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা। গত ফেব্রুয়ারিতে সান সিরোয় প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। ফিরতি পর্বের ম্যাচে বার্সেলোনার ডাগ-আউটে অনিশ্চিত সেতিয়েন।
করোনা পজিটিভ-নেগেটিভ ফুটবল ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন পর দর্শকবিহীন মাঠে ফিরছে খেলা। এর মধ্যেই করোনা পজিটিভ ও নেগেটিভে ভাগ করে ফুটবল ম্যাচের পরিকল্পনার কথা প্রকাশ করে আলোচনায় এক যুবক। ঘটনাটি ঘটেছে স্পেনে।
ক্রীড়া বিষয়ক একটি ওয়েবসাইট জানিয়েছে, দেশটির নাভারা অঞ্চলের ২৩ বছর বয়সী এই যুবক এমন প্রদর্শনী ম্যাচ আয়োজনের চিন্তা করছে। তার উদ্দেশ্য অবশ্য ভালো; এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ চ্যারিটির জন্য দান করে দেওয়ার পরিকল্পনা করেছেন। তবে সংবাদমাধ্যমটিতে তার পরিচয় প্রকাশ করা হয়নি। খেলায় অংশ নিতে ইচ্ছুক এবং যারা দেখতে চান, তাদের ইনস্টাগ্রামে যোগাযোগ করতে বলা হয়। তবে এরই মধ্যেই নাভারা অঞ্চলের পুলিশ এই যুবককে চিহ্নিত করেছে। করোনার মধ্যে আইন ভাঙার জন্য এখন তাকে শাস্তির মুখোমুখি হতে পারে।
অকালেই চলে গেলেন অস্ট্রেলিয়ান অ্যাথলেট
ক্রীড়া প্রতিবেদক
মাত্র ২০ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ান অ্যাথলেট একেতেরিনা দিমিত্রিয়েভনা আলেকজান্দ্রভস্কায়া। রাশিয়ায় জন্মগ্রহণ করা এ অ্যাথলেট ২০১৮ সালে অলিম্পিকে ফিগার স্কেটিংয়ে অস্ট্রেলিয়ার হয়ে অংশ নিয়েছিলেন।
শুক্রবার তিনি মৃত্যুরবরণ করেন। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে চোটাক্রান্ত হওয়ায় তিন অবসর নিয়েছিলেন। ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য এই রাশিয়ানকে নাগরিকত্ব দেয় অস্ট্রেলিয়া সরকার। ২০০০ সালের ১ জানুয়ারি রাশিয়ার মস্কোয় জন্মগ্রহণ করেন আলেকজান্দ্রভস্কায়া। মাত্র চার বছর বয়স থেকেই স্কেটিং শিখতে শুরু করেন। ২১০৫ সালে তার বাবা মারা যান। আলেকজান্দ্রভস্কায়া জুনিয়র স্কেটিংয়ে চারবার চ্যাম্পিয়ন হন। আন্তর্জাতিকে একবার চ্যাম্পিয়ন এবং দুইবার থার্ড হন।









































