Home Uncategorized খুলনা নগরীতে বিহারী রানা গুলিতে নিহত: অপর একজন আহত

খুলনা নগরীতে বিহারী রানা গুলিতে নিহত: অপর একজন আহত

587

স্টাফ রিপোর্টার।।
নগরীর ময়লাপোতা মোড়ে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে শেখ মো. সাদেকুর রহমান রানা ওরফে বিহারী রানা নামে এক যুবক নিহত হয়েছে। এসময় পলাশ নামে অপর এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আহছানউল্লাহ কলেজ গেটে এ ঘটনা ঘটে।

রানা নগরীর ফেরিঘাট এলাকার বিহারী কলোনির শেখ মোহাম্মদ ইসলামের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি জেল থেকে জামিনে বেরিয়েছেন।

জানাযায়, অজ্ঞাত দুর্বৃত্তরা বিহারি রানাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষনা করে। তাঁর গলায় গুলিবিদ্ধ হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রাশিদা বেগম বলেন, কারা এবং কেনো গুলি চালিয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত পলাশ শেরে বাংলা রোডের শেখ মোতালেবের ছেলে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় রানা, পলাশ ও নিলয় চা পান করছিলেন। এসময় রানা মোবাইলে কাউকে গালিগালাজ করেন। কিছু সময় পর হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন দুর্বৃত্তরা। গুলি রানার গলায় এবং বাম বুকে লেগে ঘটনাস্থলে তিনি মারা যান। আহতাবস্থায় পলাশ তার শেরে বাংলা রোডের বাড়িতে চলে যান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।