স্পোর্টস ডেস্ক।।
দীর্ঘদিন ধরেই জাতীয় দলে নেই রুমানা আহমেদ। ফিটনেস ক্যাম্পেও জায়গা হয়নি এ ক্রিকেটারের। গত ৫ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ‘রহস্যময়’ স্ট্যাটাস দেন রুমানা। সেখানে লিখেন, ‘নো মোর ক্রিকেট’ অর্থাৎ আর ক্রিকেট নয়। সেই স্ট্যাটাসের জের ধরে আজ বৃহস্পতিবার তাকে ডেকে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগ।
রুমানাকে নিয়ে বৈঠকে বসেছিলেন বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী ও নির্বাচক সাজ্জাদ আহমেদ। বৈঠকে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে আচরণবিধির কথা মনে করিয়ে দিয়েছেন তারা।
শফিউল বলেছেন, ‘এগুলো তো আসলে বোর্ডের আচরণবিধির বিষয়। আমরা তাদের মাঝে মাঝে মনে করিয়ে দেই। তারা তো চুক্তিতে থাকা ক্রিকেটার। সতর্ক করা হয়নি, তাদের মনে করিয়ে দেওয়া হয়েছে। সবকিছু তো এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যায় না।’
ফেসবুক পোস্টে অবসরের ইঙ্গিত থাকলেও সেই প্রসঙ্গে বৈঠকে কোনো কথা হয়নি বলেই জানালেন শফিউল। বলেন, ‘অবসর সম্পর্কিত কোনো কিছু বলেনি সে। তার কিছু প্রশ্ন ছিল, আমরা শুনেছি। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিছু অভ্যন্তরীণ বিষয় তো থাকেই। দলের প্রয়োজনে কোচ, নির্বাচকের অনেক কিছু ভাবতে হয়। তাকে আশ্বস্ত করেছি আমরা। কোচ, নির্বাচকদের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি।’
আরও পড়ুন: ব্রাজিলের কাছে ১০ গোল খেয়ে বিদায় আর্জেন্টিনার
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ নারী দলের হয়ে সর্বশেষ খেলেন রুমানা। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের পর ওই আসরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাদ পড়েন তিনি। এরপর শ্রীলংকা সফরে বাদ পড়েন। ঘরের মাঠে ভারত সিরিজেও দলে রাখা হয়নি তাকে। এরপর ফিটনেস ক্যাম্পেও ডাকা হয়নি তাকে।








































