স্টাফ রিপোর্টার।।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে সাময়িকভাবে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব প্রদান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সারোয়ার আকরাম আজিজকে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ডা. মো. মাজহারুল আনোয়ার শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
আদেশে উল্লেখ করা হয়- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদ শূন্য হওয়ায় পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সরোয়ার আকরাম আজিজকে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে সাময়িকভাবে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের দায়িত্ব নির্দেশক্রমে প্রদান করা হলো।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে ৪ বছরের মেয়াদকাল শেষ করেছেন অধ্যাপক ড. শহিদুর রহমান খান।











































