Home আঞ্চলিক ব্যবসায়ীদের ওপর হামলা, খুবি কর্তৃপক্ষের ৫ সদস্যের তদন্ত কমিটি

ব্যবসায়ীদের ওপর হামলা, খুবি কর্তৃপক্ষের ৫ সদস্যের তদন্ত কমিটি

14

স্টাফ রিপোর্টার।।
নগরীর জিরোপয়েন্টে হোটেল মালিককে শিক্ষার্থীরা মারধরের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকালে ছাত্রবিষয়ক পরিচালকের দফতরের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দেওয়ার জন্য জানানো হয়েছে।

খুবি ছাত্রবিষয়ক পরিচালক ড. শরীফ হাসান লিমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে সহকারী ছাত্র বিষয়ক পরিচালক তালুকদার রাসেল মাহমুদ, সদস্য সচিব সহকারী ছাত্র বিষয়ক পরিচালক রাজু রায়, সদস্য যথাক্রমে সহকারী ছাত্র বিষয়ক পরিচালক প্রসেনজিৎ তরফদার, আসমা উল হুসনা এবং অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শেখ ফাইজান বিন হালিম। এছাড়া অভিযুক্ত ৯ শিক্ষার্থীকে শোকজও করা হয়েছে।

শোকজ করা শিক্ষার্থীরা হলেন- রাকিবুল হাসান (১৮)অর্থনীতি, লালাবাবু মণ্ডল (১৮) অর্থনীতি, সাজ্জাদ হোসেন (১৮) অর্থনীতি, সাদমান শাহরিয়ার (১৮) অর্থনীতি, মেহেদী হাসান (১৮) অর্থনীতি, জিহাদ হোসেন (১৮) অর্থনীতি, স্বরূপ রাহা (১৮) অর্থনীতি, আরশি (১৮) অর্থনীতি এবং নীহারিকা (১৯) ইউআরপি ডিসিপ্লিন।

জানা যায়, গত কয়েকদিন ধরে খুবি শিক্ষার্থীদের সঙ্গে জিরোপয়েন্ট ব্যবসায়ীদের টানাপড়েন চলছে। ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে আপত্তিকর ভিডিও করার ঘটনা নিয়ে জিরো পয়েন্টের আল্লার দান হোটেলের মালিক ও কর্মচারীকে মারধর করা হয়। এ সময় ওই দোকান বন্ধ করে বাইরে তালা আটকে দেয়া হয়। এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থীকে অভিযুক্ত করে তাদের বিচার দাবিতে মানববন্ধন করে জিরোপয়েন্ট ব্যবসায়ী কল্যাণ সমিতি। পরে খুবির ভিসির বরাবর স্মারকলিপি দেয়। ব্যবসায়ীরা ঘটনাস্থলের একটি সিসি ক্যামেরার ফুটেজ সরবরাহ করেছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ড. শরীফ হাসান লিমন জানান, ব্যবসায়ীরা স্মারকলিপি ও কিছু ভিডিও ফুটেজ দিয়েছে। কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আগেই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কিনা জানতে চাওয়া হয়েছে। এখন ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন ও ৯ জন শিক্ষার্থীকে শোকজ দেয়া হয়েছে।