চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি ।।
বাগেরহাটের চিতলমারীর সরকারি এসএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় সোমবার বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস বর্জন করেছেন। সঠিক বিচার না হওয়া পর্যন্ত তারা আরও কঠিন কর্মসূচি দেবেন বলে জানিয়েছেন। অভিযুক্ত শিক্ষার্থীর নাম শেখ আবিদুজ্জামান তানভির। সে ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিক জানান, এ ঘটনা বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
জানা যায়, রোববার বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল সেন্টারে শিক্ষার্থী তানভির একটি ল্যাপটপের কী-বোর্ডের বোতাম তুলে ফেলে। এতে কম্পিউটার শিক্ষক সারমিন শিক্ষার্থী তানভিরের কাছে জানতে চাইলে সে উল্টো ওই শিক্ষিকার ওপর চড়াও হয়। তার এমন অশোভন আচরণের বিষয়টি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাপস কুমার খান জানতে চাইলে সে অফিস কক্ষের ভিতরে সহকারী প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
বিদ্যালয়ের সভাপতি ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা জানান, এ ব্যাপারে শিক্ষার্থীসহ তার অভিভাবককে মঙ্গলবার বিদ্যালয় হাজির হওয়ার জন্য লিখিত নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।










































