রুশাদ হোসেন অনিক, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
রামপালে করোনা ভাইরাস পরিস্থিতিতে বহিরাগতদের প্রবেশ সংরক্ষিত নিশ্চিত করতে গণ সচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসাবে প্রবেশদ্বার তৈরী করা হয়েছে। উপজেলাধীন হুড়কা ইউনিয়নের (ভেকটমারী-বেলাই অংশে) প্রবেশমূখেই রয়েছে এ প্রবেশ দ্বার। হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এটি শুরু করা হয়েছে। রামপালের এই ইউনিয়নেই সবর্ প্রথম এ ব্যাবস্থা চালু করা হয়েছে।
সরেজমিনে দেখাগেছে, এলাকার সকল প্রবেশ পথ বাঁশের বেড়া দেওয়া হয়েছে যাতে লোকজন ইচ্ছেমতো প্রবেশ বা বাইরে প্রস্থান না করতে পারে। প্রবেশ পথের প্রধান দ্বারে নেয়া হয়েছে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যাবস্থা। এলাকায় বহিরাগত জন সাধারনের প্রবেশ নিষেধ করা হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া এলাকা থেকে কাউকে বাইরে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া এলাকার বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে করা হয়েছে।
হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার জানান, আমরা এলাকার লোকজনের সহায়তায় এই কার্যক্রমটি বাস্তবায়ন করতে পেরেছি। এতে এলাকার লোকজন নিজেরা সুরক্ষিত থাকবে। করোনা পরিস্থিতিতে আমাদের মতো সবাই যদি প্রতিটি এলাকায় এভাবে প্রতিরোধ গড়ে তোলে তাহলে হয়তো সুরক্ষা নিশ্চিত করতে পারবো তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।











































