স্পোর্টস ডেস্ক।।
ইংলিশ কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের পেসারদের উপস্থিতি আরও বাড়ল। হাসান মাহমুদের পর এবার কেন্টে যোগ দিয়েছেন দেশের আরেক পেসার খালেদ আহমেদ।
চলতি মৌসুমের শেষ দিকে কাউন্টি চ্যাম্পিয়নশিপের চার ম্যাচে কেন্টের হয়ে খেলবেন ৩৩ বছর বয়সী এই পেসার। কেন্টের বোলিং আক্রমণে এবার একসঙ্গে দেখা যাবে বাংলাদেশের দুই পেসারকে।
মৌসুমের শেষ ভাগে দলটির বোলিং শক্তি বাড়াতে হাসান মাহমুদের পাশাপাশি খালেদ আহমেদকে দলে নিয়েছে ইংলিশ ক্লাবটি। কেন্টের শেষ চার ম্যাচের তিনটি হবে নিজেদের মাঠে।
২০১৫ সালে সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় খালেদের। দীর্ঘ ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৯০ উইকেট নিয়েছেন তিনি।
বাংলাদেশের হয়ে ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ১৮ টেস্টে তার উইকেট ৩৪টি। কেন্টে যোগ দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত খালেদ। কাউন্টি ক্রিকেট খেলার পাশাপাশি ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে মাঠে নামাকে নিজের জন্য সম্মানের বলে জানিয়েছেন তিনি। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে কেন্টকে প্রমোশন পেতে সহায়তা করতে নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন বাংলাদেশের এই পেসার।
কেন্টে আসার সিদ্ধান্তের পেছনে সতীর্থ হাসান মাহমুদের ইতিবাচক অভিজ্ঞতাও ভূমিকা রেখেছে। হাসান ও নিজের এজেন্টের কাছ থেকে ক্লাবটির পরিবেশ এবং সেখানে খেলার অভিজ্ঞতা সম্পর্কে ভালো কথা শুনেছেন খালেদ। এবার সেই সতীর্থের সঙ্গেই একই দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় তিনি।
খালেদকে দলে পেয়ে সন্তুষ্ট কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুকও। তার মতে, মৌসুমের শেষ দিকে খালেদের অভিজ্ঞতা দলের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে। দ্রুত স্কোয়াডের শক্তি বাড়ানোর পাশাপাশি শেষ কয়েকটি ম্যাচে বোলারদের রোটেশনের সুযোগ তৈরি করতেই তাকে দলে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
কেন্টের হয়ে সেপ্টেম্বরের শেষ দিকের চার ম্যাচে মাঠে নামবেন খালেদ। ফলে ইংলিশ কাউন্টিতে এবার বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদকে একই ড্রেসিংরুমে দেখা যাবে।











































