Home বিনোদন শিল্প কোনো পাপ নয়, লজ্জিত হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন: প্রভা

শিল্প কোনো পাপ নয়, লজ্জিত হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন: প্রভা

2



বিনোদন ডেস্ক ||

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ক্যারিয়ারে দুই দশকের বেশি সময় পার করছেন। অর্থ-যশ-খ্যাতি যা কুড়িয়েছে, তা এই অঙ্গনে এসেই পেয়েছেন। জীবনের একটা পর্যায়ে অভিনয়শিল্পীদের কেউ কেউ এই অঙ্গন থেকে দূরে সরে যান। পাশাপাশি দাবি করেন—অভিনয়ে আসাটা তাদের ভুল ছিল। কিন্তু এমন ভাবনার সঙ্গে একমত নন প্রভা।

সোমবার (৩১ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে প্রভা বলেন, “একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন। আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি।”

অশিক্ষা, অজ্ঞতা নিয়ে কারো সংস্কৃতি চর্চায় আসা উচিত নয় বলে মনে করেন প্রভা। তার ভাষ্য, “আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক। আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।”

কারণ ব্যাখ্যা করে সাদিয়া জাহান প্রভা বলেন, “শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।”

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সাদিয়া জাহান প্রভা। পরবর্তীতে নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে—‘ভার্সন জেড’, ‘হানিমুন’, ‘ধূপ ছায়া’, ‘লাকি থার্টিন’ এবং ‘খুনসুটি’ প্রভৃতি।