Home বিনোদন বয়সের কটাক্ষ উপেক্ষা করে জীবনের নতুন অধ্যায়ে শাহরুখের নায়িকা

বয়সের কটাক্ষ উপেক্ষা করে জীবনের নতুন অধ্যায়ে শাহরুখের নায়িকা

2


বিনোদন ডেস্ক।।

নতুন অতিথির অপেক্ষায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে নিজেই অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তার পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।

বিশেষ কোনো আয়োজন নয়, বেশ সাদামাটাভাবেই জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়েছেন মাহিরা। ছবিতে সাদা ঢিলেঢালা পোশাকে দেখা গেছে তাকে। পর্দার আড়ালে দাঁড়িয়ে এক হাতে নিজের বেবি বাম্প আগলে ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসছেন অভিনেত্রী। ছবিটির সঙ্গে ছোট্ট বার্তায় তিনি লিখেছেন, মানুষ নিজের মতো করে ভবিষ্যতের পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত নিয়তির পরিকল্পনাই হয়তো সবচেয়ে বড়।

মাহিরার এই ঘোষণার পর অনুরাগীদের শুভেচ্ছায় ভরে যায় তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা। অনেকে হবু মাকে অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ এই সময়ে নিজের শরীর ও স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার পরামর্শও দিয়েছেন।

মাহিরার ব্যক্তিগত জীবনেও এই সন্তান নিয়ে আসছে নতুন অধ্যায়। ২০২৩ সালে ব্যবসায়ী সলিম করিমকে বিয়ে করেন অভিনেত্রী। এটি তার দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামী আলি আসকারির সঙ্গে মাহিরার একটি পুত্রসন্তান রয়েছে। ছেলে আজলানের বয়স এখন ১৭ বছর। ফলে আসন্ন সন্তান মাহিরার দ্বিতীয় সন্তান হলেও সলিম করিমের কাছে এটি প্রথমবার বাবা হওয়ার অভিজ্ঞতা। দ্বিতীয় বিয়ের প্রায় তিন বছর পর এই সুখবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই তাঁর জীবনের এই সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ।

তবে আনন্দের এই ঘোষণার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু নেতিবাচক মন্তব্যও দেখা গেছে। ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মাহিরাকে কটাক্ষ করেছেন কেউ কেউ। বিশেষ করে বয়স নিয়ে তাঁকে নিশানা করেছে রক্ষণশীল মানসিকতার একাংশ।

পাকিস্তানি টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ মাহিরা। ছোটপর্দায় কাজের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর ‘হামসফর’ ধারাবাহিক তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। পরে বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করেন তিনি।

ভারতীয় দর্শকদের কাছেও মাহিরা পরিচিত নাম। ২০১৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। সিনেমাটিতে শাহরুখের সঙ্গে তার জুটি দর্শকের নজর কাড়ে। তবে পরবর্তী সময়ে ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ে দুই দেশের শিল্পীদের কাজের ক্ষেত্রেও। ফলে বলিউডে মাহিরার পথ আর এগোয়নি।

এরপরও পাকিস্তানি বিনোদন অঙ্গনে একের পর এক উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি। ‘শেহর-এ-জাত’, ‘সাদকে তুমহারে’, ‘বিন রোয়ে’, ‘সুপারস্টার’ ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এর মতো প্রকল্প তাঁর ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ হয়ে আছে।

ক্যারিয়ারের পাশাপাশি এবার মাহিরার জীবনের কেন্দ্রবিন্দুতে পরিবার। দ্বিতীয়বার মাতৃত্বের খবর দিয়ে সেই ব্যক্তিগত আনন্দই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। শুভেচ্ছার পাশাপাশি কটাক্ষও এসেছে, তবে আপাতত সবকিছু পেছনে রেখে নতুন অতিথির আগমনের অপেক্ষাতেই দিন গুনছেন মাহিরা। সূত্র: দ্য ওয়াল